শুক্রবার ২৭ নভেম্বর ২০২৬

১১ অগ্রাহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

​​​​​​​ঢাকা অফিস

প্রকাশিত: ১২:১০, ২৬ নভেম্বর ২০২৬

সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার রাতে রাজধানীর লালমাটিয়া এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ডিবির ওয়ারী বিভাগের উপকমিশনার মোল্লা মোহাম্মদ শাহীন গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে বলেন, ডরিনের বিরুদ্ধে ‘দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র’ করার অভিযোগ রয়েছে।

আনারের মেয়ে ডরিনের বয়স ২৪ বছর। তাঁর গ্রামের বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুরে। তিনি রাজধানীর লালমাটিয়ার সি ব্লকের একটি বাসায় থাকতেন।

২০২৪ সালের ১২ মে চিকিৎসার জন্য ভারতে যান আনোয়ারুল আজীম আনার। পরদিন কলকাতার নিউ টাউন এলাকা থেকে নিখোঁজ হন তিনি। পরে ভারতীয় পুলিশের তদন্তে কলকাতার একটি ফ্ল্যাটে তাঁকে হত্যা করে মরদেহ খণ্ডিত করার তথ্য উঠে আসে। এ ঘটনায় কলকাতায় মামলা হয়। একই বছরের ২২ মে ঢাকার শেরেবাংলা নগর থানায় অপহরণ ও হত্যার অভিযোগে মামলা করেন ডরিন।

ভারতীয় পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে বাংলাদেশে গ্রেপ্তার হন আমানুল্লা সাঈদ ওরফে শিমুল ভূঁইয়া, তানভীর ভূঁইয়া ও সেলেস্টি রহমান। তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা তখন হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী হিসেবে যুক্তরাষ্ট্রপ্রবাসী আখতারুজ্জামান ওরফে শাহীন এবং তা বাস্তবায়নে শিমুল ভূঁইয়ার সংশ্লিষ্টতার কথা বলেছিলেন।

আনার হত্যা মামলার অন্যতম আসামি শিমুল ভূঁইয়াকে ২০২৬ সালের ৮ জুন হাইকোর্ট অন্তর্বর্তীকালীন জামিন দেন। তবে ২১ জুন আপিল বিভাগের চেম্বার আদালত সেই জামিন স্থগিত করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

শীর্ষ সংবাদ: