খুলনার রূপসা উপজেলায় খুলনা জেলা জিয়া সৈনিক দলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবিকে (৪০) তুলে নিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৩ নভেম্বর) রাতে উপজেলার রাজাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাত পৌনে ৮টার দিকে রাজাপুর এলাকার ভ্রাতৃ মঞ্চের সামনে থেকে কয়েক ব্যক্তি রবিউল ইসলামকে তুলে নিয়ে যায়। পরে পপুলার জুট মিলের সামনে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাঁকে গুরুতর জখম করে ফেলে রেখে যায়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
আহত রবিউল ইসলাম রবি রাজাপুর এলাকার মৃত আবুল কালামের ছেলে।
খুলনার অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী বলেন, খবর পেয়ে রূপসা থানা-পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) দুটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশের অভিযান চলছে।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, কী কারণে এবং কারা রবিউল ইসলামকে তুলে নিয়ে কুপিয়ে জখম করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
এর আগে শনিবার রাত ১০টার দিকে খুলনার তেরখাদায় মধুপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মাফিক সরদারকে গুলি করা হয়। তিনি তেরখাদা উপজেলার উত্তর মোকামপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।
খুলনা জেলা ও নগর পুলিশের তথ্য অনুযায়ী, চলতি বছরের সাড়ে ১০ মাসে জেলা ও নগর এলাকায় ৭৮টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময়ে সন্ত্রাসীদের গুলিতে আহত হয়েছেন প্রায় শতাধিক ব্যক্তি।
জেলার বাসিন্দাদের অভিযোগ, প্রায় প্রতিদিনই খুন, হত্যাচেষ্টা ও গোলাগুলির ঘটনায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে। চরম নিরাপত্তাহীনতায় দিন কাটছে তাঁদের। অস্ত্র উদ্ধার ও অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চললেও আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়নি।


























