খুলনায় পৃথক ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে মারধর করেছেন স্থানীয় লোকজন। এর মধ্যে রূপসায় এক নেতাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। অন্যদিকে, নগরীর ফুলবাড়ীগেটে মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের কার্যালয়ে ককটেল ও পেট্রোল বোমা তৈরির সরঞ্জাম থাকার অভিযোগে এক নেতাকে মারধর করা হয়েছে। আহত ওই নেতাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মিরাজ নামে একজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২১ নভেম্বর) বিকেল ও সন্ধ্যায় রূপসা উপজেলার সেনেরবাজার এবং নগরীর খানজাহান আলী থানাধীন ফুলবাড়ীগেট এলাকায় এসব ঘটনা ঘটে।
রূপসায় গণপিটুনির শিকার ব্যক্তি মো. মনিরুজ্জামান ওরফে মনির মাস্টার। তিনি আইচগাতী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং আইচগাতী বেলফুলিয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি খুলনা জেলা কৃষক লীগের সাবেক সভাপতি অধ্যাপক আশরাফুজ্জামান বাবুলের ছোট ভাই।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে সেনেরবাজার এলাকায় নিজের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে মনির মাস্টারকে আটক করেন স্থানীয় লোকজন। পরে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ তাঁকে রূপসা থানায় নিয়ে যায়।
আইচগাতী পুলিশ ক্যাম্পের ইনচার্জ উজ্জ্বল রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘স্থানীয় লোকজন মনিরুজ্জামানকে তাঁর দোকান থেকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন।’
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান বলেন, মনির মাস্টারের বিরুদ্ধে ঢাকার বাড্ডা থানায় বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত একটি মামলাসহ মারামারি ও নাশকতার মোট তিনটি মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে রোববার তাঁকে আদালতে পাঠানো হবে।
অন্যদিকে, শনিবার সন্ধ্যায় ফুলবাড়ীগেটের জনতা মার্কেটের দ্বিতীয় তলায় মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের কার্যালয়ে এটিএম লাইসুজ্জামান (৫০) নামে এক নেতাকে মারধর করেন স্থানীয় লোকজন। ওই কার্যালয়ে ককটেল ও পেট্রোল বোমা তৈরির সরঞ্জাম থাকার অভিযোগে তাঁকে মারধর করা হয়। আহত অবস্থায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ নাসির শেখের দাবি, ওই কার্যালয়ে ককটেল তৈরির সরঞ্জাম, কাচের বোতল ও পেট্রোল পাওয়া গেছে। সেখান থেকে কম্পিউটার, ল্যাপটপ, বিভিন্ন নথিপত্র ও ভিডিও উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। নাশকতার প্রস্তুতির সন্দেহে লাইসুজ্জামানকে আটক করা হয়েছিল বলেও জানান তিনি।
তবে খানজাহান আলী থানার ওসি আবুল বাশার বলেন, ‘ককটেল তৈরির সময় কাউকে আটকের বিষয়ে আমি কিছু জানি না। লাইসুজ্জামানকে ঘিরে কী ঘটেছে, সে সম্পর্কেও আমাকে বিস্তারিত জানানো হয়নি। আমার জানামতে, ওই ব্যক্তি দোকানে ছিলেন।’
ওসি আরও বলেন, মিরাজ নামে একজনকে আটক করে থানায় রাখা হয়েছে। তবে তাঁর বিরুদ্ধে কী অভিযোগ, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।


























