বাংলাদেশ দখল করা এত সহজ নয়: রুহুল কবির রিজভী
বাংলাদেশ দখল করা এত সহজ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। এ সময় নবগঠিত কেন্দ্রীয় শ্রমিক দলের নেতারা তার সঙ্গে ছিলেন।
রিজভী বলেন, পশ্চিমবঙ্গের একজন মন্ত্রী মন্তব্য করেছেন যে ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল করে নেওয়া হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, 'যে দেশের লোক লুঙ্গি পরে স্টেইনগান হাতে দেশ স্বাধীন করেছে, সে দেশ দখল করা এত সহজ নয়।'
শ্রমিক অসন্তোষ নিরসনে নজরুল ইসলাম খান অভিভাবকের ভূমিকা পালন করেছেন উল্লেখ করে তিনি বলেন, তার সহায়তায় শ্রমিকদের মজুরি প্রায় ৩৬ শতাংশ বাড়ানো সম্ভব হয়েছে। নতুন কাঠামো অনুযায়ী সর্বনিম্ন মজুরি ১৭ হাজার টাকা এবং গ্রেডভেদে সর্বোচ্চ ২১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এতে সর্বনিম্ন মজুরি ৪ হাজার ৫০০ টাকা এবং সর্বোচ্চ ৬ হাজার ৪৬৫ টাকা বৃদ্ধি পেয়েছে।
দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে অভিযোগ করে রিজভী বলেন, পলাতক ফ্যাসিস্টরা সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে। কিশোর গ্যাং ও নিজস্ব লোক ব্যবহার করে তারা দেশে ক্রান্তিকাল তৈরির অপচেষ্টা চালাচ্ছে।
জাতীয়তাবাদী শ্রমিক দলের নতুন কমিটির আহ্বায়ক আমানউল্লাহ আমান ও সদস্য সচিব শামসুর রহমান শিমুল বিশ্বাসের নেতৃত্বে সংগঠনটি শ্রমিকদের অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন।


























