বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬

২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় জামায়াতের কমিটি গঠন নিয়ে ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ

প্রতিনিধি, কুমিল্লা

প্রকাশিত: ২২:০৪, ১৪ অক্টোবর ২০২৬

আপডেট: ২২:০৮, ১৪ অক্টোবর ২০২৬

কুমিল্লায় জামায়াতের কমিটি গঠন নিয়ে ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ

মহানগর জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমানের গাড়ি ভাঙচুর। ছবিঃ রানার অনলাইন

কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর নতুন আমীর নির্বাচন ও কমিটি গঠনকে কেন্দ্র করে দলটির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় মহানগর জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমানের গাড়ি ভাঙচুর এবং দলীয় কার্যালয়ের ছাদে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে নগরীর মোগলটুলীতে মহানগর জামায়াতের দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দলীয় সূত্রে জানা গেছে, মহানগর জামায়াতের নতুন আমীর নির্বাচন নিয়ে কয়েক দিন ধরে শীর্ষ নেতাদের মধ্যে মতবিরোধ চলছিল। বুধবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে কমিটি গঠন নিয়ে বৈঠক চলাকালে সেই বিরোধ প্রকাশ্যে আসে। বর্তমান সেক্রেটারি মাহবুবুর রহমান নতুন কমিটিতে আমীর হতে পারেন—এমন গুঞ্জনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা বাগ্‌বিতণ্ডায় রূপ নেয়।

এ সময় জামায়াতের একটি অংশ মাহবুবুর রহমানের গাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় দলটির সহসাধারণ সম্পাদক নাসির উদ্দিন, দাওয়াহ ও তথ্য সম্পাদক হোসেনসহ কয়েকজনের বিরুদ্ধে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণে জড়িত থাকার অভিযোগ উঠেছে।

তবে এ বিষয়ে জানতে সহসাধারণ সম্পাদক নাসির উদ্দিনকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

কুমিল্লা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন, ‘এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়। আমরা মিডিয়ায় ব্রিফিং দেব। আমাদের মিটিং চলছে।’

এ বিষয়ে বক্তব্য জানতে জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ ও সেক্রেটারি মাহবুবুর রহমানকে একাধিকবার ফোন করা হলেও তাঁদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, ‘ঘটনাটি আমাকে জানালে সঙ্গে সঙ্গেই পুলিশ পাঠিয়েছি। এই মুহূর্তে পুলিশ মোতায়েন রয়েছে। ভেতরে জামায়াতের ঊর্ধ্বতন নেতারা আছেন।’

তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

/এ আর/ 

শেয়ার করুনঃ

সর্বশেষ

শীর্ষ সংবাদ: