ছবিঃ রাজধানীর কাফরুলে একটি বাসে আগুন দেওয়া হয়েছে
রাজধানীর কাফরুলে একটি বাসে আগুন দেওয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থল যায়। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সোয়া ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার শাজাহান ইসলাম জানিয়েছেন , কাফরুল থানার সামনে মিরপুর সুপার লিংক নামের একটি বাসে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। রাত সাড়ে ১০ দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের খবর জানাতে পারেননি তিনি।
এদিকে শুক্রবার দুপুর থেকে রাজধানীর কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। জুমার নামাজের পর মালিবাগ রেলগেটের কাছে এবং সন্ধ্যার দিকে যাত্রাবাড়ী, মহাখালী ও আগারগাঁওয়ে এসব বিস্ফোরণ হয়। যাত্রাবাড়ীতে সন্ধ্যা সোয়া ৭টার দিকে পৃথক স্থানে চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে একজন ব্যাটারিচালিত অটোরিকশাচালক আহত হয়েছেন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সোয়া ৭টার দিকে যাত্রাবাড়ী থানার সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর কিছুক্ষণ পরে যাত্রাবাড়ী ট্রাফিক পুলিশ বক্সের সামনে আরও ৩টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, যাত্রাবাড়ীর পৃথকস্থানে ৪টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন অটোরিকশা চালক আহত হয়েছেন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কোথা থেকে বিস্ফোণের ঘটানো হয়েছে, তা এখনো নিশ্চিত করে বলা যায়নি। তবে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার থেকে এসব ককটেল নিক্ষেপ করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় ডিএমপির ওয়ারী বিভাগের ডেমরা জোনের উপ-পুলিশ কমিশনার মীর মহশীন ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ঢাকা মেডিকেলে আহত অটোরিকশা চালকের খোঁজ খবর নেন। এ্সব ঘটনার পর থেকে রাজধানীর বিভিন্ন যায়গায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।




















