বরিশাল-বানারীপাড়া মহাসড়কের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে উলটে পড়েছে যাত্রীবাহী বাস
বরিশাল জেলার বরিশাল-বানারীপাড়া সড়কের গড়িয়ারপাড় এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে গেছে।
এ ঘটনায় আব্দুল মালেক (৫৫) নামে একজন নিহত হয়েছেন এবং ২০ যাত্রী আহত হয়েছেন।
তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা না যায়নি। আহতদেরকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত আব্দুল মালেক বানারীপাড়া উপজেলার বাইশারী হাইস্কুল সংলগ্ন এলাকার বাসিন্দা।
আজ শনিবার সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটেছে ।
বিমানবন্দর থানার ওসি রফিকুল ইসলাম জানিয়েছেন, আরিয়ান পরিবহনের বাসটি যাত্রী নিয়ে পিরোজপুরের স্বরূপকাঠি থেকে বরিশাল কেন্দ্রীয় বাসটার্মিনাল নথুল্লাবাদের উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে গড়িয়ারপাড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি পুকুরে পড়ে যায়।
তিনি জানান, স্থানীয়দের সহযোগিতায় যাত্রীদের উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বাসটি উদ্ধার করেছে।


























