বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর ২০২৬

১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডুমুরিয়ার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন, দুর্ভোগে হাজারো মানুষ

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম

প্রকাশিত: ১৪:২৯, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ডুমুরিয়ার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন, দুর্ভোগে হাজারো মানুষ

খুলনার ডুমুরিয়া উপজেলার বিস্তীর্ণ এলাকা দীর্ঘস্থায়ী জলাবদ্ধতায় পানির নিচে রয়েছে। বিশেষ করে বিল ডাকাতিয়া ও আশপাশের নিম্নাঞ্চলে পানি জমে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন কৃষক, মৎস্যচাষি ও সাধারণ মানুষ।
 
স্থানীয়দের অভিযোগ, শোলমারী নদী ও এর সঙ্গে সংযুক্ত খালগুলো দীর্ঘদিন ধরে পলি জমে নাব্যতা হারিয়েছে। ফলে বর্ষা ও অতিবৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন হতে না পেরে ডুমুরিয়ার বিভিন্ন এলাকা ও বিল ডাকাতিয়ায় দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।
 
পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, ডুমুরিয়া ও বটিয়াঘাটা উপজেলার শোলমারী নদী এবং সংযুক্ত খালগুলোর জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছে। চলতি অর্থবছরেও শোলমারী নদী ও সংশ্লিষ্ট খাল পুনঃখননের জন্য একাধিক দরপত্র হয়েছে।
 
এদিকে, চলতি বছরের জুলাইয়ে বিল ডাকাতিয়ার জলাবদ্ধতা কমাতে শৈলমারী স্লুইসগেট খুলে দেওয়া হয়েছিল। প্রশাসনের পক্ষ থেকে তখন দ্রুত পানি নিষ্কাশনকে তাৎক্ষণিক লক্ষ্য হিসেবে উল্লেখ করা হয়। তবে স্থানীয়রা বলছেন, স্থায়ী সমাধানের জন্য শোলমারী নদী ও সংযোগ খালগুলো পুনঃখননের বিকল্প নেই।
 
এক স্থানীয় বাসিন্দা বলেন, “পানি নামছে না। ঘরবাড়ি, রাস্তা ও কৃষিজমি—সব জায়গায় পানি। রান্না করা থেকে শুরু করে টয়লেট ব্যবহার—সবকিছুতেই দুর্ভোগ পোহাতে হচ্ছে।”
 
জলাবদ্ধতার কারণে ফসলি জমি ও মাছের ঘের পানিতে তলিয়ে যাওয়ায় কৃষি ও মৎস্য খাতেও ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। দীর্ঘদিন পানি জমে থাকায় স্থানীয়দের মধ্যে জনস্বাস্থ্য নিয়েও উদ্বেগ বাড়ছে। স্থির পানিতে মশার বিস্তার বাড়ায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগের ঝুঁকি নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন অনেকে।
 
স্থানীয়দের দাবি, দ্রুত পানি নিষ্কাশনের পাশাপাশি নদী ও খাল পুনঃখনন, পানি নিষ্কাশনব্যবস্থার উন্নয়ন এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে জলাবদ্ধতার স্থায়ী সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: