শরীয়তপুর প্রেসক্লাব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, এমপি।
আজ শনিবার দুপুরে শরীয়তপুর জেলা শহরের প্রাণকেন্দ্র পালং মধ্য বাজার সংলগ্ন এলাকায় তিনি প্রেসক্লাব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এ সময় হুইপ অপু বলেন, শরীয়তপুর প্রেসক্লাবের ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে, বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাসী। তিনি নিজেকে সাংবাদিক পরিবারের সদস্য হিসেবে উল্লেখ করে সংবাদ প্রকাশের ক্ষেত্রে সাংবাদিকদের বস্তুনিষ্ঠতা বজায় রাখার আহ্বান জানান।
তিনি বলেন, ‘আপনারা স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করবেন এবং আমাদের ভুল-ত্রুটি ধরিয়ে দেবেন। তবে এমন কোনো সংবাদ প্রকাশ করা উচিত নয়, যাতে আমরা নিরুৎসাহিত হয়ে পড়ি।’
হুইপ বলেন, অচিরেই শরীয়তপুর প্রেসক্লাব একটি পূর্ণাঙ্গ প্রেসক্লাবে পরিণত হবে। এ সময় তিনি সাংবাদিকদের সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শওকত আরা আক্তার, শরীয়তপুরের জেলা প্রশাসক তাহসিনা বেগম, শরীয়তপুর জেলা পরিষদের প্রশাসক সরকার একেএম নাসির উদ্দিন কালু, বাসস জেলা প্রতিনিধি ও শরীয়তপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান, পাবলিক প্রসিকিউটর (পিপি) মনিরুজ্জামান দিপু, শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন সরদার, সাধারণ সম্পাদক নুরুল আমিনসহ প্রেসক্লাবের সদস্য এবং বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বহুল কাক্সিক্ষত শরীয়তপুর প্রেসক্লাব ভবন প্রতিষ্ঠা ছিল স্থানীয় সাংবাদিকদের দীর্ঘদিনের প্রাণের দাবি। মহান স্বাধীনতার পর দীর্ঘ ৫৫ বছর ধরে দাবি আদায়ে শরীয়তপুরের সাংবাদিকরা বিভিন্ন সময়ে আন্দোলন-সংগ্রাম করেছেন। দীর্ঘ প্রতীক্ষার পর কাক্সিক্ষত প্রেসক্লাব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন হওয়ায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে আনন্দ ও আবেগের সৃষ্টি হয়েছে।

























