বিএনপির ভোটের মাঠের প্রতিপক্ষ জামায়াত নেতৃত্বাধীন জোটের অন্যতম শরিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে নির্বাচন-পরবর্তী সৌজন্য সাক্ষাৎ করতে তার বাসায় গিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টা ২৫ মিনিটে রাজধানীর বেইলি রোডে নাহিদের বাসায় পৌঁছান তিনি৷ এসময় বাসার সামনে এগিয়ে এসে তারেক রহমানকে অভ্যর্থনা জানান নাহিদসহ এনসিপি নেতারা।
এর আগে একইদিন সন্ধ্যা ৭টার দিকে তিনি জামায়াত আমিরের বাসায় যান। সেখান থেকে সরাসরি নাহিদ ইসলামের বাসায় আসেন বিএনপির চেয়ারম্যান।
তারেক রহমানের সঙ্গে উপস্থিত রয়েছেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচন-পরবর্তী পরিস্থিতি, রাজনৈতিক সহাবস্থান ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনার লক্ষ্যেই এই সৌজন্য সাক্ষাৎ। এতে দেশের রাজনীতিতে যোগ করেছে তারেক রহমানের ইতিবাচক বার্তা।
প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২১২ আসনে জয়ী হয়ে সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। দলীয় সংশ্লিষ্টরা জানিয়েছেন- নির্বাচনের পর বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদার করার অংশ হিসেবেই এই সাক্ষাৎ।


























