রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদার অঞ্চলের একটি তেলের ডিপোতে ইউক্রেনীয় ড্রোন আঘাত হেনেছে। এতে একাধিক অগ্নিকাণ্ড ঘটেছে। মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
ক্রাসনোদার অঞ্চলের গভর্নর ভেনিয়ামিন কন্দ্রাতিয়েভ বলেছেন, ক্রিমিয়ার নিকটে অবস্থিত কৃষ্ণসাগরের ভোলনা গ্রামে একটি তেল সংরক্ষণাগার ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভোলনায় রুশ তামান বন্দর অবস্থিত। সেখানে তেল, কয়লা ও শস্য পরিবহন করা হয়।
কন্দ্রাতিয়েভ বলেন, সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি ভোলনা গ্রামে। সেখানে একটি পেট্রোলিয়াম ট্যাংক, একটি গুদাম ও টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি আরো জানান, এ ঘটনায় দু’জন আহত হয়েছেন এবং শতাধিক অগ্নিনির্বাপক কর্মীকে এসব অগ্নিকাণ্ড নেভাতে মোতায়েন করা হয়েছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা রোববার ভোরে দক্ষিণাঞ্চল ও সীমান্তবর্তী এলাকায় ইউক্রেনের ৮৮টি ড্রোন ভূপাতিত করেছে।
কন্দ্রাতিয়েভ আরো বলেন, কৃষ্ণসাগরের রিসোর্ট শহর সোচিতে একটি ব্যক্তি মালিকানাধীন বাসভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।


























