বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের পর এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ঢাকার ভারতীয় হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়েছে। পোস্টে ভারতীয় হাইকমিশন জানায়, ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি বাংলাদেশের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের পর বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় পররাষ্ট্র সচিব ডা. শফিকুর রহমানকে তার নতুন দায়িত্ব গ্রহণ উপলক্ষে শুভেচ্ছা জানান এবং ভারতের পক্ষ থেকে বাংলাদেশের প্রতি অব্যাহত সমর্থনের কথা জানান। তিনি দুদেশের সম্পর্কের জনগণকেন্দ্রিক চরিত্রের ওপর গুরুত্বারোপ করেন।
জামায়াত আমির দুদেশের গভীর সভ্যতাগত বন্ধনের কথা উল্লেখ করেন এবং ভবিষ্যতে আরও শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্কের আশা প্রকাশ করেন।


























