শনিবার ১৫ আগস্ট ২০২৬

২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশজুড়ে বিএনপির দোয়া মাহফিল

বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

রানার প্র‌তি‌বেদক

প্রকাশিত: ০০:১১, ১৫ আগস্ট ২০২৬

বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ (শনিবার)। দিনটি উপলক্ষে ঢাকাসহ সারা দেশে মিলাদ ও দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দিনের শুরুতে  দলীয় কার্যালয় ও মসজিদে এসব কর্মসূচি আয়োজন করা হবে। এতে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেবেন।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি জানানো হয়।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকাল ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত থাকবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এ ছাড়া ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা, মহানগর, উপজেলা ও অন্যান্য সাংগঠনিক পর্যায়ে দলীয় কার্যালয় অথবা স্থানীয় মসজিদে একই  কর্মসূচি পালন করা হবে।

বিএনপির পক্ষ থেকে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের এসব দোয়া মাহফিলে অংশ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

রাজনৈতিক জীবন ও মৃত্যু 

বেগম খালেদা জিয়া ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন। স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর তিনি বিএনপির রাজনীতিতে সক্রিয় হন এবং ১৯৮৪ সালে দলটির চেয়ারপারসনের দায়িত্ব নেন। সামরিক শাসনবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে তিনি দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেন।

১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জয়ী হলে খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তাঁর নেতৃত্বাধীন সরকার সংসদীয় সরকারব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করে। ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে স্বল্প সময়ের জন্য এবং পরে ২০০১ সালের নির্বাচনে জয়ী হয়ে দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হন। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি সরকার পরিচালনা করেন। তিনি তিনবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং দীর্ঘ সময় দেশের প্রধান বিরোধী দলের নেতার ভূমিকায় ছিলেন। 

দীর্ঘ রাজনৈতিক জীবনে খালেদা জিয়া আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে তীব্র রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে অন্যতম প্রভাবশালী নেতা হিসেবে পরিচিতি পান।

দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর ২০২৫ সালের ৩০ ডিসেম্বর ভোরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খালেদা জিয়া। পরদিন ৩১ ডিসেম্বর রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর জানাজা শেষে ঢাকার জিয়া উদ্যানে স্বামী জিয়াউর রহমানের কবরের পাশে তাঁকে দাফন করা হয়।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: