পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নের অংশ হিসেবে যশোর আর্মি মেডিকেল কলেজে ফলদ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে লংকাবাংলা ফাউন্ডেশন। সোমবার কলেজ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলদ গাছের চারা রোপণ করা হয়।
এ সময় আর্মি মেডিকেল কলেজ যশোরের সিইও ব্রিগেডিয়ার জেনারেল মো. সালাউদ্দিন আহমেদ, এডিশনাল ডিরেক্টর লেফটেন্যান্ট কর্নেল মো. আসলাম হোসেন, ডেপুটি ডিরেক্টর মেজর মো. মোসলেম উদ্দিন, অ্যাসোসিয়েট প্রফেসর মো. মাহফুজুল হকসহ বিভিন্ন বিভাগের প্রধান ও শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন। লংকাবাংলা ফাউন্ডেশন পিএলসি, যশোর শাখার ম্যানেজার মোহাম্মদ শাহাদাত হোসেনের তত্ত্বাবধানে কর্মসূচিটি বাস্তবায়িত হয়।
লংকাবাংলা ফাউন্ডেশনের কর্মকর্তারা জানান, এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং সবুজায়নের গুরুত্ব তুলে ধরা হয়েছে। ফলদ বৃক্ষ পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও বায়ুর মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
লংকাবাংলা ফাউন্ডেশনের যশোর শাখার ম্যানেজার মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। করপোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও কমিউনিটিতে এ ধরনের পরিবেশবান্ধব উদ্যোগ অব্যাহত থাকবে।


























