নির্বাচন শেষে শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজ ছাত্রদল-এর নেতাকর্মীরা।
সোমবার সকালে যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজ প্রাঙ্গণে শিক্ষক ও শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান তারা।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং যশোর-৩ (সদর) আসনে বিএনপির বিজয়ী প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত-এর পক্ষ থেকে কলেজ ক্যাম্পাসে ফুল বিতরণ করা হয়। এ সময় নেতাকর্মীরা সবার সঙ্গে কুশল বিনিময় করেন এবং নির্বাচনে অংশগ্রহণ করায় শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।
ভোটের পর এমন ফুলেল শুভেচনায় সন্তোষ প্রকাশ করেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
এসময় উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক শেখ হাসান ইমাম, সভাপতি জাহিদুল ইসলাম বিল্টু, সাধারণ সম্পাদক আকিব আনোয়ার, সহ-সভাপতি টিটোন তরফদার, রানা বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সাবেক আহ্বায়ক শেখ হাসান ইমাম বলেন, একসময় এলাকায় রাজনৈতিক সহাবস্থানের একটি সুন্দর সংস্কৃতি ছিল। সময়ের ব্যবধানে সেই পরিবেশ অনেকটাই হারিয়ে গেছে। হারিয়ে যাওয়া সেই সহাবস্থানের সংস্কৃতি ফিরিয়ে আনতেই তাদের এ উদ্যোগ।
সভাপতি জাহিদুল ইসলাম বিল্টু বলেন, একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হয়েছে। এখন সকলের ঐক্যবদ্ধভাবে কাজ করার সময়। ঐক্য ও সম্প্রীতির বার্তা সবার মাঝে পৌঁছে দিতেই তারা এ শুভেচ্ছা বিনিময় কর্মসূচি পালন করেছেন।


























