‘আমার একটাই ছেলে। ওর কোনো আচরণে আপনারা দুঃখ পেয়ে থাকলে ক্ষমা করে দেবেন। ওর জন্য দোয়া করবেন, ওর যেন বেহেশত নসিব হয়।’-কথাগুলো বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিমের (১৩) বাবা কে এম ফিরোজ শাহরিয়ার।
রোববার (২০ সেপ্টেম্বর) সকালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অপ্রতিমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে উপস্থিত সবার উদ্দেশে ছেলের জন্য দোয়া ও ক্ষমা প্রার্থনা করেন তিনি।
জানাজার আগে অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার বলেন, ‘আমার একটাই ছেলে। আমার ছেলে কুমিল্লার আকাশের নিচে আপনাদের ভালোবাসায় বড় হয়েছিল। আমি ওর বাবা হিসেবে আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী। যদি কোনো আচরণে আপনারা দুঃখ পেয়ে থাকেন, আপনারা ক্ষমা করে দেবেন। ওর জন্য দোয়া করবেন, ওর যেন বেহেশত নসিব হয়।’
অপ্রতিমের জানাজায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, স্বজন ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন। জানাজাকে ঘিরে পুরো ক্যাম্পাসে নেমে আসে শোকের আবহ।
জানাজা শেষে অপ্রতিমের মরদেহ দ্বিতীয় জানাজার জন্য কুমিল্লার গন্ধমতী এলাকায় নিয়ে যাওয়া হয়।
এর আগে ১৮ সেপ্টেম্বর বিকেলে কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ হয় অপ্রতিম। নিখোঁজের পর তাকে উদ্ধারে পরিবার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্নভাবে চেষ্টা চালায়। পরে ১৯ সেপ্টেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।


























