সংগৃহীত ছবি
খুলনা জেলার লবণচরা থানা এলাকায় অভিযান চালিয়ে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে পুলিশ। এ সময় আব্দুল আউয়াল (২৫) নামে একটি হত্যা মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়।
গতকাল বুধবার রাত পৌনে ১২টার দিকে হত্যা মামলার এক আসামির স্বীকারোক্তি অনুযায়ী লবণচরা থানাধীন হরিণটানা আশিবিঘা এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, বুধবার খুলনা সদর থানার পশ্চিম টুটপাড়া এলাকার আব্দুস সালামের ছেলে আব্দুল আউয়ালকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে। তিনি লবণচরা থানার একটি হত্যা মামলার আসামি।
এরআগে গ্রেপ্তার অন্য এক আসামি আদালতে ১৬৪ ধারায় দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আউয়ালের নাম উল্লেখ করে। পুলিশের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদকালে আউয়াল অবৈধ অস্ত্রের কথা স্বীকার করে।
পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে তাকে সঙ্গে নিয়ে বুধবার রাতে সহকারী পুলিশ কমিশনার (এসি) খুলনা জোন মো. শফিকুল ইসলামের নেতৃত্বে লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেনসহ পুলিশের একটি দল অভিযান শুরু করে। অভিযানকালে লবণচরা থানাধীন হরিণটানা আশিবিঘা এলাকার আল আকসা মসজিদ গলিতে অবস্থিত শীর্ষ সন্ত্রাসী ও শুটার ইসরাফিলের বাড়ির পরিত্যক্ত একটি দোচালা টিনের ঘরে তল্লাশি চালানো হয়। সেখানে কাঠের গুঁড়ির বস্তার নিচে লুকিয়ে রাখা ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন ও দুই রাউন্ড তাজা গুলি বের করে দেয় আসামি আউয়াল। পরে পুলিশ তা জব্দ করে।
বিষয়টি নিশ্চিত করে সহকারী পুলিশ কমিশনার (এসি) খুলনা জোন মো. শফিকুল ইসলাম বাসস’কে বলেন, লবণচরা থানার একটি হত্যা মামলার আসামি আউয়াল। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


























