নিহত মো. সাকের হোসেন। ছবি: সংগৃহীত
মাগুরা বাস টার্মিনালের একটি বাস কাউন্টার থেকে পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সাকের হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মাথার পেছনে ছিদ্রের মতো ক্ষতচিহ্ন পাওয়া গেছে। স্বজনদের অভিযোগ, পরিকল্পিতভাবে গুলি করে তাকে হত্যা করা হয়েছে। তবে মৃত্যুর কারণ নিয়ে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) ভোর ৬টার দিকে মাগুরা বাস টার্মিনালের রয়েল এক্সপ্রেস পরিবহনের কাউন্টার থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে সাকের হোসেনের মৃত্যুর ঘটনায় পরিবার, স্বজন ও রাজনৈতিক সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও স্থানীয়দের দাবি, তাকে পরিকল্পিতভাবে গুলি করে হত্যা করা হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে মৃত্যুর রহস্য উদ্ঘাটনের দাবি জানিয়েছেন। তবে হত্যার অভিযোগের পক্ষে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।


























