দেশে পাইকারি ও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়িয়েছে সরকার। এর মধ্যে পাইকারি পর্যায়ে ১৯ দশমিক ৮৫ শতাংশ এবং খুচরা পর্যায়ে ১৬ দশমিক ৬৮ শতাংশ মূল্য বাড়ানো হয়েছে।
বুধবার (৩ জুন) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিদ্যুতের নতুন দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, নতুন দাম ১ জুন থেকে কার্যকর হবে।
ঘোষণা অনুযায়ী, পাইকারি বিদ্যুতের দাম ৭ টাকা থেকে ১ টাকা ৩৯ পয়সা বৃদ্ধি করে ৮ টাকা ৩৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া খুচরো পর্যায়ের ৯ টাকা ১১ পয়সা থেকে ১ টাকা ৫২ পয়সা বাড়িয়ে ১০ টাকা ৬৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।
ঘোষিত নতুন মূল্য তালিকা অনুযায়ী, গ্রাহক পর্যায়ে লাইফ লাইনে প্রথম ৫০ ইউনিট ব্যবহারকারীদের জন্য ৬৯ বাড়িয়ে ৫ টাকা ৩২ পয়সা, প্রথম ধাপে শূন্য থেকে ৭৫ ইউনিটের জন্য ৯২ পয়সা বাড়িয়ে ৬ টাকা ১৮ পয়সা, দ্বিতীয় ধাপে ৭৬ থেকে ২০০ ইউনিটের জন্য ১ টাকা ৩০ পয়সা বাড়িয়ে ৮ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া তৃতীয় ধাপে ২০১ থেকে ৩০০ ইউনিট ব্যবহারকারীদরে জন্য ১ টাকা ৫১ পয়সা বাড়িয়ে ৯ টাকা ১০ পয়সা, চতুর্থ ধাপে ৩০১ থেকে ৪০০ ইউনিটের জন্য ১ টাকা ৬০ পয়সা বাড়িয়ে ৯ টাকা ৬২ পয়সা, পঞ্চম ধাপে ৪০১ থেকে ৬০০ ইউনিটের জন্য ২ টাকা ৩৪ পয়সা বাড়িয়ে ১৫ টাকা ১ পয়সা এবং ষষ্ঠ ধাপে ৬০০ ইউনিটের ঊর্ধ্বে গ্রাহকদের জন্য ২ টাকা ৭৪ পয়সা বাড়িয়ে ১৭ টাকা ৩৫ পয়সা নির্ধারণ করা হয়েছে।
গ্রাহক পর্যায়ের পাশাপাশি পাইকারি বিদ্যুতের দাম প্রতি ইউনিট ৭ টাকা থেকে ১ টাকা ৩৯ পয়সা বাড়িয়ে ৮ টাকা ৩৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। দাম বেড়েছে ১৯ দশমিক ৮৫ শতাংশ।
অন্যদিকে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির (পিজিসিবি) সঞ্চালন ব্যয় বিবেচনায় বিদ্যুতের সঞ্চালন মূল্যহার (হুইলিং চার্জ) ভারিত গড়ে প্রতি ইউনিট ৩১ টাকা ৩৫ পয়সা থেকে ৩৮ টাকা ৮৬ পয়সা করা হয়েছে। প্রতি ইউনিটে ২৪ শতাংশ বাড়ানো হয়েছে।
এর আগে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাব নিয়ে গত ২০ ও ২১ মে দুই দিনব্যাপী গণশুনানি আয়োজন করে বিইআরসি। সেখানে দেশের ছয়টি বিদ্যুৎ বিতরণ কোম্পানি প্রতি ইউনিট ৮৫ পয়সা থেকে ২ টাকা ৫ পয়সা পর্যন্ত দাম বাড়ানোর প্রস্তাব দেয়।
প্রস্তাব অনুযায়ী, পিডিবি প্রতি ইউনিট ৮৫ পয়সা, আরইবি ১.৭৭ পয়সা, ডিপিডিসি ১.৫৪ পয়সা, ডেসকো ১.পয়সা, ওজোপাডিকো ১.৩৯ পয়সা এবং নেসকো ২.৫ পর্যন্ত মূল্য বাড়ানোর আবেদন জানিয়েছিল।
সবশেষ ২০২৪ সালের ফেব্রুয়ারিতে নির্বাহী আদেশে পাইকারি বিদ্যুতের গড় দাম ইউনিটপ্রতি ৬ টাকা ৭০ থেকে বাড়িয়ে ৭ টাকা ৪ পয়সা করা হয়েছিল।


























