যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের মঠবাড়িয়া পশ্চিম পাড়ায় জমিজমাসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারী ও শিশুসহ একই পরিবারের পাঁচজন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃত আব্দুল আজিজের ছেলে ইদ্রিস আলী ও সিদ্দিক আলীর সঙ্গে হযরত আলী, তার চাচা আব্দুস সাত্তার এবং মৃত মফিজ উদ্দিনের পুত্র মনিরুজ্জামান-এর দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও প্রশাসন একাধিকবার আলোচনা ও মীমাংসার চেষ্টা করলেও সমাধান হয়নি বলে অভিযোগ রয়েছে।
অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের আগস্টের পর মঠবাড়িয়া গ্রামের সাইফুল মাস্টার ও তার সহযোগীরা বিরোধপূর্ণ একটি পুকুর দখল করেন এবং জমির শস্য কেটে নিয়ে যান। এছাড়া ভুক্তভোগী পরিবারের সদস্যদের বাড়িতে গিয়ে একাধিকবার হত্যার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে। বিগত জাতীয় নির্বাচনের পর দেখে নেওয়ার হুমকি এবং পরিবারের প্রধানকে বাড়ির বাইরে চলাচলে বাধা দেওয়ার অভিযোগও উঠেছে।
এরই ধারাবাহিকতায় রবিবার রাত আনুমানিক ৯টার দিকে আফসার মোড়লের পুত্র সাইফুল ইসলাম ও শুকুর মোড়লের ছেলে বাবুর নেতৃত্বে দেশীয় অস্ত্রসহ হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। হামলায় কোহিনুর বেগম (৫৬), হাসানুজ্জামান (৩২), সাহিদা বেগম (৪৯), নাঈম হাসান (১৩) ও তাসনিম হাসান (১৮) গুরুতর আহত হন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
আহতদের যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জুবায়ের জানান, আহতরা বর্তমানে আশঙ্কামুক্ত থাকলেও কোহিনুর বেগমের আঘাত গুরুতর হওয়ায় তার অবস্থা কিছুটা সংকটাপন্ন। এখনই তার ব্যাপারে চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না।
এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল জানান, খবর পেয়ে এসআই আল আমিনের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।


























