পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান (ফাইল ফটো)
সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করার আগে দুই রাজনৈতিক দল- বিএনপি ও জামায়াত সম্মতি দিয়েছিল বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বুধবার (৪ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। একইদিন ড. খলিলুর রহমানের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক করেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর।
বৈঠকের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ আমাদের প্রধান দুটি দলের প্রধানের সঙ্গে নির্বাচনের আগেই কথা বলেছেন এবং তারাও (বিএনপি-জামায়াত) এতে সম্মতি দিয়েছিলেন। ফলে বিষয়টা এমন না যে, আমরা সবাইকে অন্ধকারে রেখে চুক্তি করেছি।
তিনি আরও বলেন, এটা ভোটের তিন দিন আগে করেছি, ব্যাপারটা তা নয়। আরও এক বছর আগে, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে প্রথম তাদের সঙ্গে আমাদের বাণিজ্য ঘাটতি নিয়ে আমরা কথা বলি। সে সময় পাল্টা শুল্ক আরোপ করা হয় সম্ভবত এপ্রিল মাসে এবং তারপর থেকে এই আলোচনা শুরু হয়। এপ্রিল থেকে জুলাই পর্যন্ত টানা আলোচনা চলেছে। শুধু আমাদের না, আরও অনেক দেশের সঙ্গে। সেই আলোচনার পরে কিন্তু আমরা ২০ শতাংশ পেয়েছিলাম, সেই সময় মোটামুটিভাবে চুক্তিটা হয়ে গিয়েছিল।


























