সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, নিরাপদ সড়ক নিশ্চিতকরণ এবং মাদকমুক্ত গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে চুয়াডাঙ্গায় গণপরিবহনের চালক, সুপারভাইজার ও হেলপারদের ডোপ টেস্ট (মাদক পরীক্ষা) কার্যক্রম শুরু হয়েছে। বুধবার চুয়াডাঙ্গা জেলা পুলিশের উদ্যোগে এবং জেলা পরিবহন মালিক সমিতির সহযোগিতায় এই উদ্যোগ নেওয়া হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচালিত এই কার্যক্রমে জেলার বিভিন্ন রুটে চলাচলকারী রয়েল এক্সপ্রেস, পূর্বাশা পরিবহন, জেআর পরিবহন, চুয়াডাঙ্গা ডিলাক্স, দর্শনা ডিলাক্স, গোল্ডেন লাইন, জননী, নদীয়া, সাথী পরিবহন, রেখা পরিবহন, মামুন পরিবহন, শামীম এন্টারপ্রাইজ, নিউ মর্ডান পরিবহন, সৌদিয়া পরিবহন ও বিআরটিসিসহ বিভিন্ন পরিবহনের কর্মীদের পর্যায়ক্রমে ডোপ টেস্ট করা হচ্ছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ডোপ টেস্টে কোনো চালক, সুপারভাইজার বা হেলপারের মাদকসেবনের প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক চাকরিচ্যুতিসহ প্রচলিত আইনে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


























