শুক্রবার ১৬ অক্টোবর ২০২৬

২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত আমির

সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবেন

রানার ডেস্ক

প্রকাশিত: ০০:১৬, ১৬ অক্টোবর ২০২৬

সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবেন

জামায়াত আমির ডা.শফিকুর রহমান। ফাইল ছবি

জাতীয় সংসদের প্রধান বিরোধী দল ও জনবান্ধব সংগঠন হিসেবে নিজস্ব অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ কথা জানান বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বিবৃতিতে ডা.শফিকুর রহমান বলেন, বাংলাদেশ বিভিন্ন ধর্মের মানুষের একটি সুন্দর সমন্বয়। এ দেশের সংবিধানে ও সমাজে প্রতিটি নাগরিকের নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে ও নির্বিঘ্নে পালন করার অধিকার রয়েছে। দেশের দায়িত্বশীল নাগরিক হিসেবে জামায়াতের সকল নেতাকর্মী হিন্দু সম্প্রদায়সহ সকল ধর্মের মানুষের প্রতি নিজেদের সামাজিক দায়বদ্ধতা রক্ষা করবে এবং সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দেবে।

 

আমাদের এই ৫৫ হাজার বর্গমাইলের বাংলাদেশ যুগে যুগে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য ও উজ্জ্বল দৃষ্টান্ত তৈরি করেছে। বহু বছর ধরে এ দেশে সব সম্প্রদায়ের মানুষ পারস্পরিক সৌহার্দ্য ও শ্রদ্ধাবোধ বজায় রেখে নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান ও উৎসব উদ্‌যাপন করে আসছেন।

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় এই উৎসবে যেন সকলেই পূর্ণ স্বস্তি ও নিরাপত্তার সাথে আনন্দঘন পরিবেশে পূজা উদ্‌যাপন করতে পারেন, এমন প্রত্যাশা ব্যক্ত করেন জামায়াত আমির।

 

আমাদের অতীত ঐতিহ্যের প্রতি সম্মান জানিয়ে হিন্দু ধর্মাবলম্বীরা যাতে এবারও নির্বিঘ্নে তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় সকল নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার আহ্বান জানান তিনি। উৎসবের সার্বিক সুরক্ষায় সরকার এবং সংশ্লিষ্ট সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকরী ও সতর্ক পদক্ষেপ গ্রহণের বিশেষ অনুরোধ জানান তিনি।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: