ছবি : বিবিসি
ইয়েমেনের প্রেসিডেন্টের প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দেশটির এডেন শহরে অবস্থিত প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে এ হামলার পর বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। হামলায় অন্তত চারজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইয়েমেনি সেনাবাহিনীর তিনটি সূত্র।
এর আগে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, হামলায় প্রেসিডেন্টের প্রাসাদের দুই নিরাপত্তারক্ষী নিহত ও ছয়জন আহত হয়েছেন। তবে প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার অন্য সদস্যরা অক্ষত রয়েছেন।
ইয়েমেনের প্রেসিডেন্টের প্রাসাদটি ‘আল-মাশিক’ নামে পরিচিত। দেশটির রাজধানী সানা হলেও আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার এডেনকে অস্থায়ী রাজধানী হিসেবে ব্যবহার করে। শহরটি ইয়েমেনি সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।
সংবাদমাধ্যম আলজাজিরার এক সাংবাদিক ঘটনাস্থল থেকে জানান, তাঁরাও প্রেসিডেন্টের প্রাসাদ এলাকায় বিস্ফোরণের শব্দ শুনেছেন। পরে তাঁরা জানতে পারেন, ক্ষেপণাস্ত্র দিয়ে প্রাসাদটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে।


























