সৌদি জ্বালানিমন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন সালমান
সৌদি আরবে বিমানবন্দর তেল ও গ্যাস স্থাপনায় হুথি বিদ্রোহীদের প্রাণঘাতী হামলার জবাবে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির জ্বালানিমন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন সালমান। রিয়াদে আয়োজিত ওয়ার্ল্ড পেট্রোলিয়াম কাউন্সিল (ডব্লিউপিসি) এনার্জি কংগ্রেসে দেওয়া বক্তব্যে তিনি এই কঠোর অবস্থানের কথা জানান।
সৌদি জ্বালানিমন্ত্রী বলেন, ‘সাম্প্রতিক সপ্তাহগুলোর ঘটনা অত্যন্ত গুরুতর। ফলে আমাদের জবাবও সমানভাবে কঠোর হতে হবে।’
ইয়েমেনের লোহিত সাগর উপকূলসহ বিভিন্ন অঞ্চলে হুথিদের বিরুদ্ধে লড়াইরত সরকারি বাহিনীকে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট দীর্ঘদিন ধরে বিমান সহায়তা দিয়ে আসছে। ২০১৪ সালে হুথি বিদ্রোহীরা রাজধানী সানা দখল করে তৎকালীন সরকারকে ক্ষমতাচ্যুত করলে দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়। পরবর্তীতে ২০১৫ সালে ইয়েমেন সরকারের নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সৌদি জোট সরাসরি সামরিক হস্তক্ষেপ করলে সংঘাত আরও তীব্র আকার ধারণ করে।


























