বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬

২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি তেল কোম্পানি আরামকোর সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা

রয়টার্স

প্রকাশিত: ০২:০৬, ১৫ অক্টোবর ২০২৬

সৌদি তেল কোম্পানি আরামকোর সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা

ছবিঃ রয়টার্স

সৌদি আরবে কয়েক দফা হামলার পর এবার রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর প্রধান কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিরা। গত মঙ্গলবার রাতে এ হামলায় দেশটির পূর্বাঞ্চলীয় শহর ধাহরানে সদর দপ্তরের একটি প্রশাসনিক ভবনে আগুন ধরে যায়। হামলায় কেউ হতাহত হননি। তবে ভবনটির কয়েকটি তলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইরান-সমর্থিত গোষ্ঠীটি বলেছে, ধাহরানের আরামকো স্থাপনাসহ সৌদি আরবের কয়েকটি লক্ষ্যবস্তুতে তারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে। গতকাল বুধবার গোষ্ঠীটি আরও হামলার হুমকি দিয়ে বলেছে, সৌদি বিমানবন্দর ও তেল স্থাপনা তাদের ‘বৈধ লক্ষ্যবস্তু’।

মঙ্গলবার হুতিদের হামলার আগে ইয়েমেনের সৌদি নেতৃত্বাধীন জোট রাজধানী সানার উপকণ্ঠে হামলা চালায়। দেশটির পেট্রোলিয়াম কোম্পানির একটি জ্বালানি ডিপোসহ কয়েকটি স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালায় তারা।

হুতিরা এর আগেই হুমকি দিয়েছিল, সানায় সৌদি নেতৃত্বাধীন হামলার ‘কঠোর ও বেদনাদায়ক’ জবাব দেওয়া হবে। সম্ভাব্য লক্ষ্য হিসেবে তারা ধাহরানের আরামকো সদর দপ্তর ও রিয়াদের একটি তেল শোধনাগারের কথাও বলেছিল।

ধাহরানের ওই কমপ্লেক্সে আরামকোর গুরুত্বপূর্ণ পরিচালন কেন্দ্র রয়েছে। এখান থেকে স্থল ও সমুদ্রের তেলক্ষেত্র, পাইপলাইন, শোধনাগার ও রপ্তানি টার্মিনালের বিশাল নেটওয়ার্ক তদারক করা হয়।হামলার পরও আরামকোর কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

সৌদি জ্বালানি মন্ত্রণালয় বলেছে, হামলার পর ভবনে সীমিত আগুন লাগে। তবে ঘটনাটি সম্পর্কে জানেন এমন কয়েকজন রয়টার্সকে বলেছেন, আগুন ভবনের কয়েকটি তলায় ছড়িয়ে পড়েছে। ওপরের তিনটি তলা গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরামকোর সদর দপ্তরে হামলা এবং মধ্যপ্রাচ্যে জ্বালানি সরবরাহ নিয়ে নতুন উদ্বেগের প্রভাব পড়েছে আন্তর্জাতিক বাজারে। গতকাল অপরিশোধিত জ্বালানি তেলের দাম ৯১ সেন্ট বা শূন্য দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০৬ দশমিক ৬০ ডলারে উঠেছে।

 

শেয়ার করুনঃ

সর্বশেষ

শীর্ষ সংবাদ: