ছবি : বাসস
তিস্তা মহাপরিকল্পনার (টিএমপি) সম্ভাব্যতা যাচাইয়ের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।তিনি বলেছেন,শিগগিরই একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) প্রস্তুত করা হবে।
তিনি বলেন, পাশাপাশি চীন, নেদারল্যান্ডস ও মালয়েশিয়ার পরামর্শকদের কাছ থেকে বিশেষজ্ঞ মতামত নেওয়া হবে। যারা দীর্ঘকাল ধরে দুর্ভোগ পোহাচ্ছেন, তারা যাতে আগামী একশ বছর এর সুফল ভোগ করতে পারে, তিস্তা মহাপরিকল্পনাকে সেভাবে বাস্তবায়ন করাই আমাদের লক্ষ্য।
বুধবার বিকেলে রংপুর মহানগরীর ডিসি মোড় এলাকায় শ্যামাসুন্দরী খাল পরিদর্শনের সময় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ফারাক্কা চুক্তি নবায়নের মাধ্যমে ভারত কেবল বাংলাদেশ সরকারেরই নয়, এ দেশের ২০ কোটি মানুষের প্রকৃত বন্ধু হিসেবেও নিজেদের প্রমাণ করতে পারে।
গত ১৭ বছরে জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রতিবেশী দেশটির নেওয়া নানা পদক্ষেপ এক ধরনের অস্পষ্টতা বা বিভ্রান্তি তৈরি করেছে বলেও অভিযোগ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ১৯৭৭ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে ফারাক্কা চুক্তি স্বাক্ষরিত হয়। ডিসেম্বরে সময়সীমা শেষ হলে তা নবায়ন করা হবে বলে আশা রাখি। তিনি আরও জানান, গত জুনে কলকাতায় বাংলাদেশের প্রতিনিধি দলের সঙ্গে ভারতীয় প্রতিনিধিদের ফারাক্কা চুক্তি নিয়ে বৈঠক হয়।
প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে কাজ করার জন্য একটি উচ্চপর্যায়ের দল গঠন করেছি এবং বিভিন্ন মাধ্যমে ভারতের সঙ্গে যোগাযোগ রাখছি।’
এ সময় আরও উপস্থিত ছিলেন রংপুরের ডেপুটি কমিশনার ইসরাত জাহান, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. হাফিজুল ইসলাম এবং জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি নাজমুল আলম নাজু।


























