যশোরের অভয়নগর উপজেলায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে। রোববার রাতভর পরিচালিত এই অভিযানে চলিশিয়া ইউনিয়নের একটি বাড়ি থেকে এসব বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভয়নগর আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মাহফুজের নেতৃত্বে যৌথ বাহিনী চলিশিয়া ইউনিয়নের বাসিন্দা মারুফ হোসেনের বাড়িতে অভিযান চালায়। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত মারুফ কৌশলে পালিয়ে যায়। পরে যৌথ বাহিনী বাড়িটি ঘিরে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র ও বোমা উদ্ধার করে।
উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে—৪টি পেট্রোল বোমা, ২টি অ্যামোনেশন, ১টি চাইনিজ কুড়াল, ১টি হকি স্টিক, ৫টি চাপাতি, ৩টি মাঝারি ছুরি, ২টি মাঝারি রান্দা এবং ১টি বড় রান্দা। বিপুল সংখ্যক এসব অস্ত্র দেখে ধারণা করা হচ্ছে, এগুলো কোনো নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল।
অভিযান শেষে উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরক সামগ্রী অভয়নগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। থানার তদন্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত আলামত থানায় সংরক্ষণ করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে, এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, এত বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের ঘটনা উদ্বেগজনক। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, পলাতক অভিযুক্ত মারুফ হোসেনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধমূলক কর্মকাণ্ড রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে এবং অবৈধ অস্ত্র মজুতকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


























