শুক্রবার ১৩ ফেব্রুয়ারি ২০২৬

৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

পুনরায় ভোট গণনার দাবি এনসিপির

রানার প্রতিবেদক, ঢাকা অফিস

প্রকাশিত: ০৫:১৮, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ০৫:২২, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

পুনরায় ভোট গণনার দাবি এনসিপির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশের বিভিন্ন কেন্দ্রে ষড়যন্ত্রের মাধ্যমে ভোটের ফলাফল কারচুপি করা হচ্ছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ফলে সংশ্লিষ্ট আসনগুলোয় পুনরায় ভোট গণনার দাবি জানিয়ে দলটি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টা ২০ মিনিটে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করেছেন দলটির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, যেসব আসনে ১১ দলীয় জোটের প্রার্থীরা এগিয়ে রয়েছেন, সেসব আসনে তাদের হারাতে ফলাফল ‘ট্যাম্পারিং (ঘষামাজা)’ করা হচ্ছে। যার কারণে ভোটকেন্দ্র থেকে এক ধরণের ফলাফল আসছে, আর রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে আরেক ধরণের ফলাফল দেওয়া হচ্ছে। এমন প্রমাণ তাদের হাতে রয়েছে বলেও দাবি করেন তিনি।

ঢাকার কয়েকটি আসনে পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণার আগেই বিএনপি প্রার্থীর নিজেকে বিজয়ী ঘোষণা করার ঘটনাকে ‘মানসিক চাপ সৃষ্টির চেষ্টা’ হিসেবে উল্লেখ করেন আসিফ মাহমুদ।

আসিফ মাহমুদ আরও অভিযোগ করে বলেন, শাপলা কলি প্রতীকের এক প্রার্থী বিএনপির প্রার্থীর চেয়ে বেশি ভোট পেলেও রিটার্নিং কর্মকর্তা উল্টো ফল ঘোষণা করেছেন।
বেসরকারি ফলাফলে এনসিপি প্রার্থী এগিয়ে থাকা সত্ত্বেও কিছু স্থানে মব সৃষ্টি করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

ঢাকা-৮ আসনের প্রসঙ্গ টেনে এনসিপি নেতা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেন, বাতিল ভোট হিসেবে গণ্য হওয়ার কথা থাকলেও কিছু ব্যালট ধানের শীষ প্রতীকের পক্ষে গণনা করা হয়েছে।
তিনি দাবি করেন, ব্যালট পেপারে সঠিক জায়গায় সিল না থাকা সত্ত্বেও সেগুলো ধানের শীষের পক্ষে গণনা করে মির্জা আব্বাসকে জয়ী করার চেষ্টা চলছে। এসময় বিভিন্ন কেন্দ্রে ফলাফল ঘোষণায় বিলম্ব হওয়া নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

উত্থাপিত অভিযোগগুলো আমলে নিয়ে প্রতিটি বিষয় খতিয়ে দেখার আহ্বান জানান এনসিপির মুখপাত্র। সংশ্লিষ্ট আসনগুলোতে পুনরায় ভোট গণনা করে পুনরায় ফলাফল ঘোষণা এবং সুনির্দিষ্ট তথ্য প্রকাশের আগে কোনো ফলাফল চূড়ান্ত না করার দাবি জানান তিনি।

 

শেয়ার করুনঃ