সংগৃহীত ছবি
নিউইয়র্কে আগমন ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। উচ্ছ্বসিত নেতাকর্মীরা নানা কর্মসূচির মাধ্যমে তাদের নেতাকে স্বাগত জানাতে প্রস্তুত। আজ সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় প্রধানমন্ত্রী নিউইয়র্কে এসে পৌঁছাবেন। ইতোমধ্যে বিএনপির নেতা-কর্মীরা জ্যাকসন হাইটস মিছিল ও শ্লোগানে মুখরিত করে তুলেছেন। উল্লেখ্য, জ্যাকসন হাইটস প্রবাসী বাংলাদেশী অধ্যুষিত এলাকা।
বিএনপির নেতা-কর্মীরা ব্যানার ফেস্টুন হাতে নিয়ে মিছিল করছেন। সেখানে বর্তমান সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বক্তব্য রাখছেন স্থানীয় বিএনপির শীর্ষ নেতারা।
এ সময় নেতাকর্মীরা স্লোগান ধরেন- ‘তারেক রহমান আসছে, রাজপথ কাঁপছে’, ‘নিউইয়র্কে তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম, জিয়ার সৈনিক এক হও, এক হও’। এ ধরনের নানা শ্লোগানের মধ্য দিয়ে বিএনপি নেতাকর্মীরা তাদের নেতার আগমনের আনন্দে উচ্ছ্বাস প্রকাশ করছে।
বিএনপি নিউইয়র্ক সিটি শাখা, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস ও শ্রমিক দলের নেতাকর্মীরা আলাদাভাবে রাস্তার পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে সোমবার ভোরে ঢাকার হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে রওনা দেন।


























