মঙ্গলবার ২৩ জুন ২০২৬

৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরের মাঠে জুনিয়র বিশ্বকাপ আসর, শিশুদের ফুটবল উৎসব

রানার প্র‌তি‌বেদক

প্রকাশিত: ১৮:১৪, ২২ জুন ২০২৬

আপডেট: ১৯:০১, ২২ জুন ২০২৬

যশোরের মাঠে জুনিয়র বিশ্বকাপ আসর, শিশুদের ফুটবল উৎসব

প্রজেক্টর-টিভির স্ক্রিন ছেড়ে ফুটবল বিশ্বকাপের আবহ এবার ছড়িয়ে পড়তে যাচ্ছে যশোর শহরের মাঠে। ফুটবল বিশ্বকাপের আদলে শিশুদের নিয়ে এই আয়োজন করছে আরএন রোড ক্রীড়া চক্র। আর এই আসরের নাম দেওয়া হয়েছে ‘ রিপন অটোস জুনিয়র বিশ্বকাপ ফুটবল ২০২৬’। এই আসরটিতে বিশ্বসেরা ও জনপ্রিয় সব ফুটবল দলের জার্সি পরে ক্রীড়াচক্রের মাঠে ফুটবল নৈপুণ্য প্রদর্শনে নামবে ক্ষুদে খেলোয়াড়রা। ৭ থেকে ১৩ বছর বয়সীরা এতে অংশ নিতে পারবে।

আয়োজক সূত্র জানায়, শিশুদের খেলাধুলায় আগ্রহ বৃদ্ধি ও লেখাপড়ার পাশাপাশি সুস্থ বিনোদনের সুযোগ করে দিতেই মূলত ব্যতিক্রমী এই উদ্যোগ নেওয়া হয়েছে। আয়োজকরা মনে করছেন, এই আয়োজন শিশুদের মধ্যে ফুটবলপ্রেম জাগিয়ে তুলতে সহায়ক হবে।

এদিকে, এই বিশ্বকাপ আয়োজনের প্রচারণা কার্যক্রমের অংশ হিসেবে সোমবার শহরের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে ক্যাম্পেইন হয়েছে। শহরের লালদিঘি পাড়ের ব্রাদার টিটোস হোম থেকে প্রচারণা দলের সদস্যরা ক্যাম্পেইনে বের হন।

আয়োজক সূত্র জানায়, খেলোয়াড় বাছাই চলবে আগামী ২৬, ২৭ ও ২৮ জুন। জার্সি বিতরণ করা হবে ৩০ জুন। এরপর ১ জুলাই থেকে ১০ জুলাই পর্যন্ত চলবে অনুশীলন। খেলা শুরু হবে ১১ জুলাই। সূত্র আরও জানায়, অংশগ্রহণকারী শিশুদের এবারের বিশ্বকাপে অংশ নেওয়া বিভিন্ন দেশের দলে ভাগ করা হবে। প্রত্যেক খেলোয়াড়কে দেওয়া হবে জার্সি, উপহার ও মেডেল। পাশাপাশি বিজয়ী ও সেরা খেলোয়াড়দের জন্য থাকবে বিশেষ পুরস্কার।

ব্রাদার টিটোস হোমের অধ্যক্ষ আলী আজম টিটো বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতিও উৎসাহিত করাই আমাদের মূল লক্ষ্য। শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। সেই ভাবনা থেকেই এই জুনিয়র বিশ্বকাপ আয়োজন।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: