১২২ কোটি ৮৬ লাখ টাকার প্রস্তাবিত বাজেটে প্রায় ৯২ লাখ টাকার ঘাটতি দেখানো হয়েছে যশোর পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে। এ বাজেট প্রণয়নের লক্ষ্যে বৃহস্পতিবার সকালে পৌরসভার সম্মেলন কক্ষে নগর সমন্বয় কমিটির বিশেষ সভায় প্রাক-বাজেট আলোচনা অনুষ্ঠিত হয়।
সভা সূত্রে জানা গেছে, প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৪৪ কোটি ২৮ লাখ ৯২ হাজার টাকা। বিপরীতে রাজস্ব ব্যয় নির্ধারণ করা হয়েছে ৪৫ কোটি ১ লাখ টাকা। ফলে রাজস্ব খাতে প্রায় ৭২ লাখ টাকার ঘাটতি থাকবে।
উন্নয়ন খাতে আয় ও ব্যয় উভয়ই ধরা হয়েছে ৭৭ কোটি ৮৫ লাখ টাকা। উন্নয়ন খাতের সম্ভাব্য আয়ের মধ্যে সরকারি অনুদান ৪ কোটি ৬০ লাখ টাকা, রাজস্ব উদ্বৃত্ত থেকে ৩ কোটি ২৫ লাখ টাকা এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে রেজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট থেকে ৫০ কোটি টাকা এবং লোকাল গর্ভমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্ট থেকে ১ কোটি ৫০ লাখ টাকা পাওয়ার আশা করা হচ্ছে।
সভায় কমিটির সদস্যরা প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিক পর্যালোচনা করে মতামত দেন। বাজেটে উন্নয়ন খাতে বড় আকারের ব্যয় ধরা হলেও রাজস্ব খাতে ঘাটতির বিষয়টি আলোচনায় গুরুত্ব পায়।
প্রস্তাবিত বাজেটে মোট ঘাটতি প্রায় ৯২ লাখ টাকা দেখানো হয়েছে। তবে পূর্ববর্তী বছরের জের অর্থ সমন্বয় করে সমাপনী জের প্রায় ২০ লাখ টাকা রাখা হয়েছে।
এতে সভাপতিত্ব করেন যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসান। সঞ্চালনা করেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোরাদ আলী।


























