দীর্ঘ কয়েক মাসের অনিশ্চয়তা আর অপেক্ষার অবসান। ভারতের কারাগার থেকে মুক্ত হয়ে অবশেষে দেশে ফিরেছেন ৯১ বাংলাদেশি জেলে। তাদের সঙ্গে ফিরেছে চারটি ফিশিং বোটও।
বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সমুদ্রসীমা লঙ্ঘন করে ভারতীয় জলসীমায় প্রবেশ ও মাছ ধরার অভিযোগে গত বছরের ডিসেম্বর এবং চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে এসব জেলেকে আটক করে ভারতীয় কোস্ট গার্ড। পরে তাদের ভারতের বিভিন্ন কারাগারে রাখা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক উদ্যোগ এবং বাংলাদেশ ও ভারতীয় কোস্ট গার্ডের সমন্বিত প্রচেষ্টায় জেলে ও ফিশিং বোটগুলো ফেরত আনার প্রক্রিয়া সম্পন্ন হয়।
গত ৭ জুন আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইনে ভারতীয় কোস্ট গার্ডের কাছ থেকে ৯১ জেলে ও চারটি ফিশিং বোট গ্রহণ করে বাংলাদেশ কোস্ট গার্ড।
সোমবার দুপুরে কোস্ট গার্ড বেইস মোংলায় জেলেদের তাদের ফিশিং বোটসহ পরিবারের সদস্যদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। ফেরত আসা অধিকাংশ জেলের বাড়ি বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলে।
কূটনৈতিক প্রচেষ্টা ও দুই দেশের কোস্ট গার্ডের সমন্বয়ে দেশে ফিরেছেন ৯১ জেলে ও চারটি ফিশিং বোট। দীর্ঘ প্রতীক্ষার পর স্বজনদের কাছে ফিরে নতুন করে জীবন ও জীবিকার স্বপ্ন দেখছেন তারা।


























