সংগৃহীত ছবি
খুলনার জিরো পয়েন্ট বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৬ কেজি ৫৯৭ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করেছে এসআরবি-৬ ও বিজিবি-২১ এর যৌথ দল। এর বাজার মূল্য ৩২ কোটি ৯৮ লাখ ৫০ হাজার টাকা।
গতকাল মঙ্গলবার রাতে সাতক্ষীরা থেকে খুলনাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব মাদক উদ্ধার করা হয়। এসআরবি-৬ এর মিডিয়া সেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য গণমাধ্যমকে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৬ স্পেশাল কোম্পানি ও বিজিবি-২১ ব্যাটালিয়নের যৌথ দল খুলনার হরিণটানা থানাধীন জিরো পয়েন্ট বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায়। এসময় পরিত্যক্ত অবস্থায় ৬ কেজি ৫৯৭ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) পাওয়া যায়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী জব্দ তালিকা তৈরি করে মাদকগুলো জব্দ করা হয়।
এ বিষয়ে এসআরবি-৬ খুলনার উপ অধিনায়ক মেজর মো. নাজমুল ইসলাম বলেন, উদ্ধার আইসের মূল্য ৩২ কোটি ৯৮ লাখ ৫০ হাজার টাকা। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


























