যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। আইইইই বাংলাদেশ সেকশন ও আইইইই রোবটিক্স অ্যান্ড অটোমেশন সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারের যৌথ আয়োজনে এবং যবিপ্রবির ব্যবস্থাপনায় ১৮ ও ১৯ সেপ্টেম্বর সরাসরি ও অনলাইনে সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে।
শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু অ্যাকাডেমিক ভবনে সম্মেলনের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান।
সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ফ্রান্স, সিঙ্গাপুর ও মালয়েশিয়াসহ ১৪টি দেশের গবেষক ও প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। জমা পড়া ৫১৭টি গবেষণাপত্রের মধ্যে বাছাই প্রক্রিয়ায় ১৪৫টি উপস্থাপনের জন্য নির্বাচিত হয়েছে। গবেষণাপত্র গ্রহণের হার প্রায় ২৮ শতাংশ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, ‘রোবোটিক্স, অটোমেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ইন্টারনেট অব থিংস এখন আর আলাদা কোনো বিষয় নয়। এ প্রযুক্তিগুলোর সমন্বিত প্রয়োগ শিল্পকারখানা, স্বাস্থ্যসেবা, কৃষি ও শিক্ষাসহ দৈনন্দিন জীবনকে বদলে দিচ্ছে।’
তিনি বলেন, প্রযুক্তিগত উন্নয়ন মানবকল্যাণে কাজে লাগাতে হবে। গবেষক ও শিক্ষাবিদদের দায়িত্ব শুধু প্রযুক্তি উদ্ভাবন নয়, তা নৈতিক, অন্তর্ভুক্তিমূলক এবং সমাজের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, সেটিও নিশ্চিত করা।
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান বলেন, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব হলো জ্ঞান ও গবেষণাকে মানুষের কল্যাণে ব্যবহারযোগ্য উদ্ভাবনে রূপ দেওয়া।
সম্মেলনে ক্যালিফোর্নিয়াভিত্তিক অ্যাপ্লাইড ম্যাটেরিয়ালস ইনকর্পোরেটেডের সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার রাম চন্দ্র পালসানিয়া ভার্চুয়ালি কি-নোট বক্তা হিসেবে যুক্ত হন। তিনি সেমিকন্ডাক্টর উৎপাদনে প্রেডিক্টিভ মেইনটেন্যান্স ও যন্ত্রের ডাউনটাইম কমাতে এআই-চালিত অটোমেশন নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে অর্গানাইজিং চেয়ার অধ্যাপক ড. ইঞ্জি. ইমরান খান, অর্গানাইজিং কো-চেয়ার অধ্যাপক ড. বিপ্লব কুমার বিশ্বাস, জেনারেল চেয়ার অধ্যাপক ড. সেলিয়া শাহনাজ, আইইইই বাংলাদেশ সেকশনের চেয়ার অধ্যাপক ড. মোহাম্মদ ইমামুল হাসান ভূঁইয়া এবং টেকনিক্যাল প্রোগ্রাম কো-চেয়ার অধ্যাপক ড. শেখ মো. রবিউল ইসলাম বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএমই বিভাগের প্রভাষক আনিকা আঞ্জুম ও ইইই বিভাগের প্রভাষক জাহেদুল ইসলাম। সম্মেলনে দেশ-বিদেশের গবেষক ও শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন।


























