মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও আকাশপথে তৈরি হওয়া নিরাপত্তা ঝুঁকির কারণে ছয়টি গুরুত্বপূর্ণ গন্তব্যে আগামী ৮ মার্চ পর্যন্ত সব ফ্লাইট বাতিল করেছে রাষ্ট্রীয় সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এতে উপসাগরীয় দেশগুলোতে যাতায়াতকারী যাত্রীদের ভ্রমণসূচিতে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বিমান সূত্র জানায়, সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও শারজা, সৌদি আরবের দাম্মাম, কাতারের দোহা এবং কুয়েতগামী সব ফ্লাইট আপাতত বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এসব রুটে ফ্লাইট পরিচালনা সম্ভব হচ্ছে না।
এর আগে, ৩ থেকে ৫ মার্চ পর্যন্ত এসব রুটে ফ্লাইট স্থগিত ছিল। সর্বশেষ পরিস্থিতি বিবেচনায় তা বাড়িয়ে ৮ মার্চ পর্যন্ত করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) দুপুরে ট্রাভেল এজেন্সিগুলোকে এ সিদ্ধান্তের কথা জানিয়ে যাত্রীদের অবহিত করার অনুরোধ করে বিমান।
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতির উন্নতি হলে বাতিল হওয়া ফ্লাইটগুলোর নতুন সময়সূচি যাত্রীদের জানিয়ে দেওয়া হবে।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি তীব্র হওয়ার পর গত ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করে। এর ফলে আঞ্চলিক আকাশপথে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে।
এই পরিস্থিতির সরাসরি প্রভাব পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট সূচিতে। আকাশপথ বন্ধ থাকায় আন্তর্জাতিক অনেক বিমান সংস্থাকেই ফ্লাইট বাতিল বা সময়সূচি পরিবর্তন করতে হয়েছে।
বিমানবন্দর সূত্রের তথ্য অনুযায়ী, যুদ্ধ পরিস্থিতির প্রভাবে শুক্রবার পর্যন্ত ঢাকা থেকে বিভিন্ন এয়ারলাইনসের অন্তত ২৪৫টি ফ্লাইট বাতিল হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, আকাশপথের নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট পরিচালনায় অনিশ্চয়তা থাকতে পারে। এ কারণে যাত্রীদের সর্বশেষ তথ্য জানতে বিমানের কল সেন্টার বা সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।


























