রোববার ১৯ জুলাই ২০২৬

২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রল বা অপবাদ দিয়ে দায়িত্ব থেকে বিচ্যুত করা যাবে না: শিক্ষামন্ত্রী

রানার ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৫, ১৮ জুলাই ২০২৬

আপডেট: ১৯:৫৫, ১৮ জুলাই ২০২৬

ট্রল বা অপবাদ দিয়ে দায়িত্ব থেকে বিচ্যুত করা যাবে না: শিক্ষামন্ত্রী

ট্রল বা অপবাদ দিয়ে দায়িত্ব থেকে বিচ্যুত করা যাবে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শনিবার (১৮ জুলাই) নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সদর উপজেলা অডিটোরিয়ামে ওই অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশের শিক্ষার্থীরা অত্যন্ত মেধাবী। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ যেন বাংলাদেশে পড়াশোনা করতে আসতে পারে, সেভাবেই বিশ্ববিদ্যালয়গুলো তৈরি করা হচ্ছে।

তিনি বলেন, আমরা জাতিকে সুশিক্ষিত করার দায়িত্ব পেয়েছি। ট্রল বা অপবাদ দিয়ে লাভ নেই, আমাদের দায়িত্ব থেকে বিচ্যুত করা যাবে না। বর্তমান সরকার কোনো অন্যায়কে প্রশ্রয় না দিয়ে লেখাপড়ার মান উন্নয়ন করে যাবে।

শিক্ষা ভাবনাকে বাদ দিয়ে যারা উশৃঙ্খল কথা বলে সমাজকে উসকানি দিতে চায়, আমাদের তরুণ প্রজন্ম তাদের ব্যর্থ করে দেবে বলেও মন্তব্য করেন এহছানুল হক মিলন।

এর আগে শিক্ষামন্ত্রী শহরের বরুনকান্দি এলাকায় নওগাঁ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের নামফলক উন্মোচন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এবং ইউজিসির সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন।

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হাছানাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: