গভীর নলকূপে সিসি ক্যামেরা স্থাপনের কাজ করতে গিয়ে মেহেরপুরে গাংনী উপজেলার ধর্মচাকি গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুরাল হোসেন নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। বৃহস্পতিবার দুপুরে ধর্মচাকি ও হিজলবাড়িয়া গ্রামের মধ্যবর্তী বরিং মাঠে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরাল হোসেন আজিজুল হোসেনের ছেলে।
আহতরা হলেন, ধর্মচাকি গ্রামের আবুল হোসেনের ছেলে সাহারুল ইসলাম, সামাদ আলীর ছেলে সাইফুল ইসলাম এবং গভীর নলকূপের মালিক হিজলবাড়িয়া গ্রামের সাইফুল ইসলাম।
স্থানীয়রা জানান, গভীর নলকূপের নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা লাগানোর সময় একটি লোহার রড বিদ্যুতের তারে জড়িয়ে যায়। এতে কাজ করা তিনজন বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের উদ্ধার করতে গিয়ে নুরাল হোসেনও বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নুরাল হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত অন্য তিনজন চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


























