শুক্রবার ২৭ ফেব্রুয়ারি ২০২৬

১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

১০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা সরকারের

রানার ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৯, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

১০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা সরকারের

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বাড়াতে সরকার নতুন করে আরও ১০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অর্থ মন্ত্রণালয়ের ছাড়পত্র পেলে নতুন নিয়োগ প্রক্রিয়া ‍শুরু হবে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এগুলো পুলিশের শূন্য পদ। পরীক্ষার মাধ্যমে দ্রুত নিয়োগ দেওয়া হবে। পুলিশের সক্ষমতা বৃদ্ধি ও জনবল সংকট কাটাতে এই নিয়োগ দেওয়া হবে।

এ ছাড়া জরুরি ভিত্তিতে শূন্য পদে ১৮০ জন সার্জেন্ট নিয়োগের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) এবং সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) নিয়োগের উদ্যোগ নেওয়া হবে জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিয়োগগুলোর বিষয়ে বিস্তারিত তথ্য যথাসময়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

এর আগে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জেলা ও উপজেলা আইনশৃঙ্খলা কমিটি পুনর্গঠন করা হয়েছে। ৩১ সদস্যের জেলা কমিটির সভাপতি করা হয়েছে জেলা ম্যাজিস্ট্রেট বা জেলা প্রশাসককে। সদস্যসচিব থাকবেন জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট।

এই কমিটি জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সংঘটিত অপরাধ পর্যালোচনা করবে। একইসঙ্গে খুন, ধর্ষণ, ছিনতাই, অপহরণ, এসিড নিক্ষেপ, নারী ও শিশু পাচার, কিশোর গ্যাং অপরাধ, মাদক ব্যবসার মতো অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর কর্মসূচি নেবে। একই সঙ্গে তা বাস্তবায়ন করবে।

এ ছাড়া ২২ সদস্যবিশিষ্ট উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মুখ্য উপদেষ্টা করা হয়েছে সংশ্লিষ্ট সংসদ সদস্যকে। এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে উপদেষ্টা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) সভাপতি করা হয়েছে।

এই কমিটিও উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সংঘটিত অপরাধ পর্যালোচনা করবে। কমিটি প্রতি মাসে একবার সভায় মিলিত হবে।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: