শুক্রবার ২৭ ফেব্রুয়ারি ২০২৬

১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষার আলোয় মানবতার স্পর্শ

ইতিহাস ক্লাবের উদ্যোগে স্কুলে ভর্তি পেল অরি

রানার প্র‌তি‌বেদক

প্রকাশিত: ১১:৫৩, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

ইতিহাস ক্লাবের উদ্যোগে স্কুলে ভর্তি পেল অরি

মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে সরকারি মাইকেল মধুসূদন কলেজ-এর ইতিহাস বিভাগের ইতিহাস ক্লাব। বিভাগের পরিচ্ছন্নতাকর্মী বিজয় কুমার হরিজনের কন্যা বিদিশা সরকার অরিকে যশোরের ২২/এ, মুজিব সড়কস্থ শিশু নিলয় আইডিয়াল স্কুল-এ প্লে শ্রেণিতে ভর্তি করিয়ে শিক্ষাজীবনের নতুন সূচনা করেছে ক্লাবের সদস্যরা।


গত ২৮ জানুয়ারি ২০২৬  ইতিহাস ক্লাবের সমন্বয়ক সহকারী অধ্যাপক. শাহ্জাহান কবীরের নির্দেশনায় এবং ক্লাবের সভাপতি আল শাহারিয়া ইমনের নেতৃত্বে একদল শিক্ষার্থী স্কুলে উপস্থিত হয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করেন। এ সময় সম্মান তৃতীয় বর্ষের শিক্ষার্থী শিমন বিশ্বাস, দ্বিতীয় বর্ষের মো. সুমন কবির এবং প্রথম বর্ষের মেহেদী হাসান, তন্ময় চক্রবর্তী,  নাদিরুল ইসলাম জেসান, মালিহা তাওসিনসহ অরির পিতা বিজয় কুমার হরিজন উপস্থিত ছিলেন।
শুধু ভর্তি করিয়েই থেমে থাকেনি ইতিহাস ক্লাব। অরির ভবিষ্যৎ শিক্ষার ব্যয়ভার বহনের দায়িত্বও গ্রহণ করেছে তারা। এই মহতী উদ্যোগ বাস্তবায়নে ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মার্জিয়া সুলতানা, সহযোগী অধ্যাপক খোন্দকার হাফিজুল ইসলাম এবং সহকারী অধ্যাপক মো. শাহ্জাহান কবীর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।


বিভাগের শিক্ষকবৃন্দ ও সকল বর্ষের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে আর্থিক সহায়তায় এগিয়ে আসেন। বিশেষ করে শিক্ষার্থীরা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেন। অরিকে একটি ভালো স্কুলে ভর্তি করানোর স্বপ্ন দেখতেন তার বাবা বিজয় কুমার।

কিন্তু আর্থিক সীমাবদ্ধতার কারণে সেই স্বপ্ন বাস্তবায়ন সম্ভব হচ্ছিল না। নিজে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হলেও কন্যার জন্য উন্নত শিক্ষার স্বপ্ন লালন করতেন তিনি। ইতিহাস ক্লাব সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছে।
এদিন মানবিক সহায়তার আরেকটি দৃষ্টান্ত স্থাপিত হয়। মাস্টার্স শেষ বর্ষের এক শিক্ষার্থীর ফর্ম পূরণের সম্পূর্ণ ব্যয়ভার গ্রহণ করেন ইতিহাস বিভাগের তিনজন শিক্ষক ও বাংলা বিভাগের একজন শিক্ষক।


ইতিহাস ক্লাব জানায়, জ্ঞান অর্জনের পাশাপাশি মানবিকতা, সহমর্মিতা ও সামাজিক দায়িত্ববোধে অগ্রণী ভূমিকা রাখতে তারা বদ্ধপরিকর। শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি মানবিক কর্মকাণ্ডেও সবসময় পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ক্লাবটি।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: