শুক্রবার ২৭ ফেব্রুয়ারি ২০২৬

১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সড়ক দুর্ঘটনায় আহত-নিহত দেড় শ’ পরিবারের মাঝে চেক বিতরণ

রানার প্র‌তি‌বেদক

প্রকাশিত: ১৪:৩৮, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৪:৫০, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

সড়ক দুর্ঘটনায় আহত-নিহত দেড় শ’ পরিবারের মাঝে চেক বিতরণ

বিআরটিএর যশোর সার্কেলের তিন জেলায় সড়ক দুর্ঘটনায় আহত নিহত পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে যশোর শিল্পকলা একাডেমির মিলনায়তনে বিআরটিএ ট্রাস্টি বোর্ডর মঞ্জুরীকৃত ১৫০ জন ভুক্তভোগী পরিবারের মাঝে চেক বিতরণ করেন সংস্থাটির চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানার সভাপতিত্বে যশোর বিআরটিএ সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) দেবাশীষ বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা। 


হেলমেট ব্যবহারসহ ট্রাফিক আইন মেনে সতর্কতার সাথে গাড়ি চালানোর জন্য চালকদের প্রতি আহ্বান জানিয়ে বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ বলেন, 'দেশে দুর্ঘটনায় ৭০ শতাংশ মোটরসাইকেলে ঘটে। ফলে নতুন মোটরসাইকেল বিক্রির সময় ক্রেতাকে ২টি করে বিআরটিএ অনুমোদিত হেলমেট প্রদানের নিয়ম করা হচ্ছে। এ প্রস্তাব অনুমোদনের অপেক্ষায় রয়েছে। তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহায়তা প্রদান শুধু আইনি বাধ্যবাধকতাই নয়, বরং মানবিক দায়িত্বও বটে। এ ধরনের আর্থিক সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নতুন করে দাঁড়ানোর প্রেরণা জোগাবে।' অনুষ্ঠানে নিহতদের পরিবারের সদস্যরা সরকারের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে স্বাগত জানান এবং এ সহায়তা তাদের বাস্তব জীবনে অনেকটা স্বস্তি বয়ে আনবে বলেও মন্তব্য করেন।
বিআরটিএর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সড়ক দুর্ঘটনায় নিহত বা গুরুতর আহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের জন্য বিশেষ ট্রাস্টি বোর্ড গঠন করা হয়েছে। এর মাধ্যমে নিয়মিতভাবে আবেদন যাচাই-বাছাই করে ক্ষতিপূরণের টাকা বিতরণ করা হচ্ছে। যশোর ঝিনাইদহ মাগুরার ৩ জেলায় সংগঠিত সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের মাঝে ৫ কোটি ৮৬ লাখ টাকার চেক বিতরণ করা হয়।  এরমধ্যে যশোরে ৬৯, মাগুরা ১৯ ও ঝিনাইদহ জেলার ক্ষতিগ্রস্থদের পরিবারের সদস্যদের হাতে ৬২টি চেক দেয়া হয়।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: