সোমবার ২৩ ফেব্রুয়ারি ২০২৬

৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কোটচাঁদপুরের উপজেলার প্রথম চেয়ারম্যান  সরদার আলী আহম্মেদ আর নেই

প্রতিনিধি, কোটচাঁদপুর (ঝিনাইদহ) 

প্রকাশিত: ২২:৩৩, ২২ ফেব্রুয়ারি ২০২৬

কোটচাঁদপুরের উপজেলার প্রথম চেয়ারম্যান  সরদার আলী আহম্মেদ আর নেই

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান সরদার আলী আহম্মেদ (৭৩) মৃত্যুবরণ করেছেন (ইন্না...রাজিউন)। শনিবার (২১ ফেব্রুয়ারি) জার্মানিতে তিনি নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। তিনি কোটচাঁদপুর বাজার পাড়ার বাসিন্দা ও সাবেক পৌরসভা চেয়ারম্যান মৃত গোলাম হায়দার সরদারের ছেলে।

প্রয়াতের ভাই আরিফ হোসেন সরদার জানান, ৬ ভাই আর ৬ বোনের মধ্যে সরদার আলী আহম্মেদ ছিলেন দ্বিতীয়। কোটচাঁদপুর বাজেবামনদহ প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করেছিলেন তিনি। এরপর কোটচাঁদপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করেন। পরবর্তীতে চলে যান রাজশাহীতে। সেখানে উচ্চশিক্ষা সম্পন্ন করেন। এরপর যুক্ত হন রাজনীতিতে। প্রথমে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত থাকলেও পরে যোগ দেন জাসদে। ওই সময় তিনি কোটচাঁদপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেন। এরপর তিনি কোটচাঁদপুর উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করেন ১৯৮৫ সালের দিকে। উপজেলা পরিষদ গঠনের পর তিনিই প্রথম চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তবে উপজেলা পরিষদের ‘অনার বোর্ডে’ প্রথমে চেয়ারম্যান নাম থাকলেও কার্যকালের তারিখ ও সময় নেই। এ ছাড়া কোন সঠিক তথ্যও নাই সংশ্লিষ্ট দপ্তরে। 

জানা গেছে, সরদার আলী আহম্মেদ ১৯৯৫ সালের দিকে বাংলাদেশ থেকে বিদেশে পাড়ি জমান। সেই থেকে ৩২ বছর তিনি জার্মানিতে বসবাস করছিলেন। প্রয়াতের স্ত্রী সরদার রেজমুন নাহার শিরিন বলেন, মাথায় সমস্যা হওয়ায় জানুয়ারি মাসে অপারেশন করা হয়েছিল। সেই থেকে বাড়িতে থেকে চিকিৎসা চলছিল তার স্বামীর। শনিবার সকালে তিনি বাড়িতেই মারা যান। তিনি আরও বলেন, আমি ও আমার স্বজনরা তার মরদেহ বাংলাদেশে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। দুই ছেলে ও এক কন্যা সন্তানের জনক ছিলেন তিনি।

কোটচাঁদপুর ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের মুহাতামিম হাফেজ মাওলানা নুরুন নবী আশিকী বলেন, আমার জানামতে কোটচাঁদপুরে একটি পোস্ট কোয়ার্টার ছিল। উপজেলা চেয়ারম্যান হওয়ার পর তিনি সেটা ভেঙে ফেলে সেখানে গড়ে তোলেন ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র, এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসা। যেখানে পড়ালেখা করে হাজার হাজার মানুষ হাফেজ হয়েছেন। আর কোরআন শিক্ষাও নিয়েছেন অসংখ্য মানুষ। তিনি দীর্ঘদিন জার্মানিতে থাকলেও প্রতিষ্ঠানের খোঁজখবর নিতেন। 

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হাসান বলেন, তিনি যেহেতু প্রথম উপজেলা চেয়ারম্যান ছিলেন; যার কারণে উপজেলা মসজিদে তার রুহের মাগফেরাত কামনায় দোয়ার ব্যবস্থা করা হবে।
 

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: