শিক্ষার্থীদের বার্ষিক ও পাবলিক পরীক্ষা বিবেচনায় নিয়ে নভেম্বর-ডিসেম্বরে স্থানীয় সরকার নির্বাচন না করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। পরীক্ষা শেষে আগামী বছরের জানুয়ারি থেকে নির্বাচন শুরু করার আশা করছে কমিশন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার এ কথা বলেন।
তিনি বলেন, নভেম্বর-ডিসেম্বরে বার্ষিক ও অন্যান্য পাবলিক পরীক্ষা থাকায় ওই সময়ে নির্বাচন আয়োজনের সুযোগ দেখছে না কমিশন। শিক্ষার্থীদের পরীক্ষা নির্বিঘ্ন রাখতে পরীক্ষার সময় বাদ দিয়ে পরবর্তী সময়ে নির্বাচন আয়োজনের বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে।
জানুয়ারি থেকে নির্বাচন শুরু হতে পারে কি না—জানতে চাইলে আনোয়ারুল ইসলাম সরকার বলেন, “এই পরীক্ষাগুলো ডিসেম্বরের মধ্যে শেষ হয়ে গেলে বা জানুয়ারির দিকে আমরা ইনশাআল্লাহ শুরু করতে পারবো।”
নির্বাচনের সময়সূচি পরিবর্তনের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, আগে সম্ভাব্য একটি সময়সূচি ঘোষণা করা হয়েছিল। পরে দেখা যায়, নভেম্বরের পরপরই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা শুরু হবে। এ ছাড়া বন্যার কারণে কিছু এলাকার স্থগিত পরীক্ষা ও পরীক্ষাসংশ্লিষ্ট কার্যক্রম সমন্বয় করতেও সময় লাগছে।
তিনি বলেন, বন্যায় কিছু শিক্ষাপ্রতিষ্ঠান ও রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। নির্বাচনি প্রচারণা শুরু হলে পরীক্ষার্থীদের ওপর এর প্রভাব পড়তে পারে। এসব বাস্তবতা বিবেচনায় নিয়ে সম্ভাব্য সময়সূচি কিছুটা পিছিয়ে দেওয়ার চিন্তা করছে কমিশন।
আগামী বছরের রমজান, ঈদ, দুর্গাপূজা এবং এসএসসি-এইচএসসি পরীক্ষার বিষয়টি কীভাবে সমন্বয় করা হবে—এমন প্রশ্নে তিনি বলেন, এসব গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনায় নিয়ে নির্বাচন আয়োজনের সময় নির্ধারণ করা হবে।
সরকারের সঙ্গে দূরত্ব বা চাপের কারণে নির্বাচনের সময় পেছানো হয়েছে কি না—এমন প্রশ্নে আনোয়ারুল ইসলাম সরকার বলেন, নির্বাচন কমিশন আইন ও সংবিধান অনুযায়ী কাজ করছে। নির্বাচনের তারিখ নির্ধারণ নিয়ে সরকারের সঙ্গে আনুষ্ঠানিক চিঠি চালাচালির কোনো নজির তিনি দেখেননি।
এর আগে নির্বাচন কমিশন নভেম্বরের মাঝামাঝি থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার সম্ভাব্য সময় জানিয়েছিল। ইউনিয়ন পরিষদ নির্বাচন সাত ধাপে করার সম্ভাব্য তারিখও ঘোষণা করা হয়েছিল। পরে নভেম্বর-ডিসেম্বরে পরীক্ষা ও অন্যান্য বাস্তবতা বিবেচনায় নিয়ে সেই পরিকল্পনা পরিবর্তনের কথা জানাল কমিশন।


























