বুধবার ১৮ নভেম্বর ২০২৬

৩ অগ্রাহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আজ শুরু হতে পারে রূপপুরের প্রথম গ্রিড সিনক্রোনাইজেশন

​​​​​​​ঢাকা অফিস

প্রকাশিত: ১২:০৪, ১৭ নভেম্বর ২০২৬

আজ শুরু হতে পারে রূপপুরের প্রথম গ্রিড সিনক্রোনাইজেশন

দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পাবনার ঈশ্বরদীর রূপপুরের প্রথম ইউনিট থেকে উৎপাদিত বিদ্যুৎ আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে। সবকিছু ঠিক থাকলে কয়েক ঘণ্টার জন্য গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হবে। এর মাধ্যমে বিদ্যুৎকেন্দ্র ও জাতীয় গ্রিডের সমন্বয় সক্ষমতা যাচাই করা হবে।

বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বিএআরইএ) চেয়ারম্যান মাহমুদুল হাসান জানিয়েছেন, পরীক্ষামূলক সংযোগের সময় কেন্দ্রটির জেনারেটর, টারবাইন ও গ্রিডের কার্যকারিতা পর্যবেক্ষণ করা হবে। সব ধরনের নিরাপত্তা নিশ্চিত হওয়ার পরই গ্রিডে বিদ্যুৎ সরবরাহের অনুমোদন দেওয়া হবে।

প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, পরীক্ষামূলকভাবে কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর কেন্দ্রটি গ্রিড থেকে বিচ্ছিন্ন করে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে। এ প্রক্রিয়াকে গ্রিড সিনক্রোনাইজেশন বলা হয়। এর মাধ্যমে জাতীয় গ্রিড অতিরিক্ত বিদ্যুৎ গ্রহণের পর কতটা স্থিতিশীল থাকে, বিশেষ করে বিদ্যুতের ফ্রিকোয়েন্সি ঠিক থাকে কি না, তা যাচাই করা হবে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী রেজাউল করিম জানিয়েছেন, জাতীয় গ্রিড প্রস্তুত রয়েছে। বিদ্যুৎ সঞ্চালনের দায়িত্বে থাকা পাওয়ার গ্রিড বাংলাদেশও পরীক্ষামূলক সংযোগের জন্য প্রস্তুতি নিয়েছে।

প্রকল্পসংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, পরীক্ষামূলক সংযোগ সফল হলে ২১ নভেম্বর প্রথম ইউনিটের বিদ্যুৎ জাতীয় গ্রিডে চূড়ান্তভাবে যুক্ত করার লক্ষ্য রয়েছে। তবে বাণিজ্যিক উৎপাদন শুরুর আগে আরও কয়েক ধাপের পরীক্ষা সম্পন্ন করতে হবে। পূর্ণ সক্ষমতায় পৌঁছাতে পাঁচ থেকে ছয় মাস সময় লাগতে পারে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের মোট উৎপাদনক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট। প্রতিটি ইউনিটের উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। রাশিয়ার কারিগরি ও আর্থিক সহায়তায় নির্মিত কেন্দ্রটির প্রথম ইউনিটে গত ১১ অক্টোবর নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরু হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

শীর্ষ সংবাদ: