শনিবার ২১ নভেম্বর ২০২৬

৫ অগ্রাহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আইসিজে রায়ের প্রেক্ষিতে সংবাদ সম্মেলন

১২ থেকে ১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা

রানার প্র‌তি‌বেদক

প্রকাশিত: ১৬:২৯, ২০ নভেম্বর ২০২৬

১২ থেকে ১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা

ছবি : বাসস

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, আগামী ১২ থেকে ১৮ মাসের মধ্যে রোহিঙ্গাদের নিরাপদে মিয়ানমারে ফেরার পথ সুগম করতে বাংলাদেশ জাতিসংঘ ও দ্বিপক্ষীয় অংশীদারদের সঙ্গে আলোচনা জোরদার করবে।

রোহিঙ্গা গণহত্যার বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের প্রেক্ষিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, আমরা এই আলোচনাগুলো অত্যন্ত জোরালোভাবে চালিয়ে যাব, যাতে আগামী এক থেকে দেড় বছরের মধ্যে তাদের নিরাপদে ফিরে যাওয়ার ব্যবস্থা করা যায়।

হুমায়ুন কবির বলেন, এই রায় বাংলাদেশকে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর ক্ষতিপূরণের দাবি তোলার ক্ষেত্রে একটি শক্তিশালী আইনি ভিত্তি দিয়েছে।

বাংলাদেশ কীভাবে প্রত্যাবাসন ত্বরান্বিত করবে, এমন এক প্রশ্নের জবাবে তিনি এই সময়সীমার কথা জানান।

তিনি বলেন, রোহিঙ্গাদের ফেরা নির্ভর করবে মিয়ানমারের রাখাইন রাজ্যে প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করার ওপর, যাতে তারা নিরাপদে বাড়ি ফিরে নতুন করে জীবন গড়তে পারে। রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে বাংলাদেশ জাতিসংঘের বিভিন্ন সংস্থা, গুরুত্বপূর্ণ আঞ্চলিক অংশীদার ও অন্যান্য সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে কাজ করবে।

লিখিত বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘস্থায়ী এই সংকটের একমাত্র কার্যকর সমাধান দ্রুত ও টেকসই প্রত্যাবাসন।

হুমায়ুন কবির বলেন, ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা জনগোষ্ঠী যাতে ক্ষতিপূরণ পায়, তা নিশ্চিত করতে বাংলাদেশ জাতিসংঘের মাধ্যমে এবং দ্বিপক্ষীয় অংশীদারদের সঙ্গে নিয়ে কাজ করবে।

ক্ষতিপূরণ নির্ধারণে মিয়ানমারের সঙ্গে কোনো দ্বিপক্ষীয় প্রক্রিয়ায় যাওয়া হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, কেবল দ্বিপক্ষীয় প্রচেষ্টার মাধ্যমে প্রয়োজনীয় ক্ষতিপূরণ আদায় সম্ভব নয়। এ প্রক্রিয়ায় একাধিক দেশ ও সংস্থার সম্পৃক্ততা প্রয়োজন।

তিনি বলেন, হারানো জীবন কিংবা স্বজনহারা পরিবারের কষ্ট কোনো আর্থিক ক্ষতিপূরণ দিয়ে কখনো পূরণ করা যায় না।

তবে বাংলাদেশ মিয়ানমারকে ক্ষতিপূরণ দিতে এবং এমন অন্যান্য পদক্ষেপ নিতে রাজি করানোর চেষ্টা করবে, যা বেঁচে থাকা পরিবারগুলোকে ফিরে গিয়ে নতুন করে জীবন গড়তে সহায়তা করবে বলেও জানান তিনি।

হুমায়ুন কবির বলেন, যদি এই মামলার অন্যতম পক্ষ গাম্বিয়া বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপন করে, তবে বাংলাদেশ জাতিসংঘের কাঠামোর ভেতরে থেকেই ক্ষতিপূরণের বিষয়টি কার্যকর করার জন্য কাজ করবে।

 

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: