অসহায় ও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও নৈতিক দায়িত্ব বলে উল্লেখ করেছেন- বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শনিবার (২১ ফেব্রুয়ারি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যশোর জেলা প্রশাসন, জেলা প্রতিবন্ধী বিষয়ক কার্যালয় ও জেলা ত্রাণ অফিসের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিমন্ত্রী বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে উন্নত মানের হুইলচেয়ার ও শুকনো খাদ্যসামগ্রী বিতরণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা আমাদের সমাজের বোঝা নয়; সঠিক সুযোগ ও প্রয়োজনীয় সহায়তা পেলে তারাও দেশের সম্পদে পরিণত হতে পারে। তিনি আরও উল্লেখ করেন যে, বর্তমান সরকার তাদের অধিকার নিশ্চিত করতে এবং মূলধারার সমাজে সম্পৃক্ত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে চলাচল করতে অক্ষম ব্যক্তিদের জন্য উন্নত মানের ১০টি হুইলচেয়ার প্রদান করা হয়। এছাড়া অসহায় পরিবারগুলোর মাঝে চাল, ডাল, তেল ও চিনিসহ প্রয়োজনীয় শুকনো খাদ্যসামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়।
যশোরের ডেপুটি কমিশনার (ডিসি) প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। এ ছাড়াও এনসিপির জেলা সমন্বয়ক নুরুজ্জামানসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী উপস্থিত সুধীজন ও উপকারভোগীদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন।


























