বরিশাল জেলা উন্নয়ন কমিটির সভা জেলায় অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকালে জেলা প্রশাসকের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন সভাপতিত্ব করেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের উদ্দেশে বলেন, নিজ নিজ দপ্তরের কর্মপরিবেশ ও সেবা প্রদান প্রক্রিয়াকে আধুনিকীকরণের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। গতানুগতিক পদ্ধতির পরিবর্তে উদ্ভাবনী চিন্তাধারার প্রয়োগ ঘটিয়ে সেবাকে আরও সহজলভ্য ও স্মার্ট করে তুলতে হবে। কাজের প্রক্রিয়াকে সংক্ষিপ্ত করার পাশাপাশি তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে একটি গতিশীল প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলাই আমাদের লক্ষ্য হওয়া উচিত বলেও তিনি মন্তব্য করেন।
শিশু একাডেমির কার্যক্রমের পরিধি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, শিশুদের সৃজনশীলতা বৃদ্ধি ও মানসিক বিকাশে চিত্রাঙ্কন, রচনা ও সঙ্গীতানুষ্ঠান আয়োজনের পাশাপাশি নতুন কার্যক্রম হাতে নিতে হবে।
সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।


























