সোমবার ২৪ আগস্ট ২০২৬

৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অবকাঠামো  ও জনবল সংকট

পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা চালুর দাবি ধুঁকছে শত বছরের ঐতিহ্যবাহী কপিলমুনি ভরতচন্দ্র হাসপাতাল 

এফ, এম, এ রাজ্জাক, পাইকগাছা (খুলনা)

প্রকাশিত: ১৫:২৪, ২৩ আগস্ট ২০২৬

আপডেট: ১৫:২৪, ২৩ আগস্ট ২০২৬

পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা চালুর দাবি ধুঁকছে শত বছরের ঐতিহ্যবাহী কপিলমুনি ভরতচন্দ্র হাসপাতাল 

খুলনার পাইকগাছা উপজেলার ঐতিহ্যবাহী বাণিজ্যিক শহর কপিলমুনির শত বছরের পুরোনো ভরতচন্দ্র হাসপাতালটি তীব্র জনবল সংকট ও আধুনিক চিকিৎসার অভাবে ধুঁকছে। ১৯১৫ সালের ৭ এপ্রিল দানবীর রায় সাহেব বিনোদ বিহারী সাধুর প্রতিষ্ঠিত এই হাসপাতালটি একসময় ২০ শয্যার হলেও বর্তমানে তা ১০ শয্যায় নেমে এসেছে। চিকিৎসাসেবা ব্যাহত হওয়ায় সংকটাপন্ন রোগীদের বাধ্য হয়ে প্রায় ৫৫ কিলোমিটার দূরের খুলনা শহর কিংবা সাতক্ষীরা সদর ও তালায় নিয়ে যেতে হচ্ছে, যা রোগী ও স্বজনদের চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।


নতুন ভবন নির্মাণ করা হলেও তা এখনো চালু না হওয়ায় স্থানীয়দের মনে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। জমি ও ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘদিনের আইনি জটিলতার স্থায়ী সমাধান এবং হাসপাতালটির অতীত সক্ষমতা ফিরিয়ে আনার দাবিতে সম্প্রতি স্থানীয় বাসিন্দারা বিভিন্ন সভা-সমাবেশ ও মানববন্ধন পালন করছেন। মানুষের মতে, হাসপাতালটি কোনো দল বা ব্যক্তির নয়, বরং এটি ওই অঞ্চলের চিকিৎসাসেবার একমাত্র মূল আশ্রয়স্থল।

স্থানীয়দের প্রধান দাবিসমূহ- নবনির্মিত ভবনটি দ্রুত সংস্কার করে সর্বসাধারণের জন্য উন্মুক্তকরণ। হাসপাতালের ২০ শয্যার পূর্ববর্তী সক্ষমতা পুনরুজ্জীবিত করা। প্রয়োজনীয় সংখ্যক পর্যাপ্ত চিকিৎসক, নার্স ও কর্মী নিয়োগ দেওয়া। আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও এক্স-রে সুবিধাসহ প্রয়োজনীয় যন্ত্রপাতির ছাড়পত্র ও সরবরাহ নিশ্চিত করা। এবং হাসপাতালের জমি ও সম্পত্তি আইনি জটিলতামুক্ত করে সুরক্ষার স্থায়ী বন্দোবস্ত করা।
সম্প্রতি খুলনা-৬ আসনের বিএনপি নেতা ও জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব কপিলমুনির স্বাস্থ্যসেবার এই সংকট নিরসনে সোচ্চার হয়েছেন। 
এলাকার মানুষের স্পষ্ট বক্তব্য- ‘আমরা করুণা চাই না, চিকিৎসার অধিকার চাই।’ দ্রুত প্রশাসনিক পদক্ষেপের মাধ্যমে শত বছরের ঐতিহ্যবাহী ভরতচন্দ্র হাসপাতালটিকে পুনরায় পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য সরকারের জরুরি হস্তক্ষেপ দাবি করছেন স্থানীয়রা।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: