বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি ২০২৬

৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার ২

রানার প্র‌তি‌বেদক

প্রকাশিত: ১৭:৫৬, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

চট্টগ্রামে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার ২

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল ও ৫৬ রাউন্ড গুলিসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। 

বুধবার (১৮ ফেব্রুয়ারি) র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে বায়েজিদ লিংক রোডের পাশে একটি বহুতল ভবনে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। 

এই অভিযানে গ্রেফতারকৃতরা হলেন— নগরের পাঁচলাইশ থানার মুরাদপুরে এলাকার চার মামলার আসামি ইমতিয়াজ সুলতান ইকরাম (২৮) ও একই থানার বিবিরহাট এলাকার আবুল কালাম আজাদ (৬২)। 

র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, ‘স্থানীয় সূত্র ও প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইমতিয়াজ সুলতান ইকরাম চট্টগ্রামের অপরাধ জগতের পরিচিত মুখ হিসেবে চিহ্নিত। 

তিনি গত বছরের ৫ নভেম্বর চট্টগ্রাম-৮ আসনের একটি জনসংযোগ কর্মসূচিতে সন্ত্রাসীদের গুলিতে নিহত সরোয়ার বাবলার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন।

তিনি বলেন, দীর্ঘ সময় মধ্যপ্রাচ্যে অবস্থানকালে এবং দেশে আসা-যাওয়ার সময় তিনি বায়েজিদ বোস্তামী, অক্সিজেন ও মুরাদপুর এলাকার বিভিন্ন ব্যবসায়ীর কাছে হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারসহ ইন্টারনেট কল এবং বিদেশি নম্বর ব্যবহার করে চাঁদা দাবি করতেন।

‘এছাড়া ‘রিচ কিডস’ নামে একটি কিশোর গ্যাং পরিচালনার সঙ্গেও জড়িত ছিলেন তিনি। 

গ্রেফতারকৃত অপর ব্যক্তি আবুল কালাম আজাদ ইমতিয়াজের ঘনিষ্ঠ সহযোগী ও ব্যক্তিগত গাড়ি চালক। তিনি চাঁদার অর্থ উত্তোলনে সহায়তা করতেন।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক জানান, সিডিএমএস পর্যালোচনায় ইমতিয়াজ সুলতান ইকরামের বিরুদ্ধে চট্টগ্রাম জেলা ও মহানগরের বিভিন্ন থানায় অস্ত্র, হত্যা, হত্যাচেষ্টা, নাশকতা ও চাঁদাবাজিসহ একাধিক মামলার তথ্য পাওয়া গেছে। 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান। 

শেয়ার করুনঃ

সর্বশেষ

শীর্ষ সংবাদ: