বরিশালে দেলোয়ার হোসেন চৌধুরী (৬০) নামের এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের শিবপাশা বাদামতলা পুলসংলগ্ন এলাকার একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নগর পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত দেলোয়ার হোসেন বরিশাল সদর উপজেলার ১ নম্বর রায়পাশা-কড়াপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি ইউনিয়ন বিএনপির একজন কর্মী ছিলেন। পেশায় বাজারের ইজারাদার ও গরু ব্যবসায়ী ছিলেন তিনি। তাঁর বাড়ি উত্তর কড়াপুর গ্রামে। তিনি মৃত নজির চৌধুরীর ছেলে।
এলাকাবাসী জানান, দেলোয়ার নিজ বাড়ি থেকে শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। ঘটনাস্থলের কাছে তাঁর ব্যবহৃত একটি বাইসাইকেল ও গলার মাফলার পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।


























